সৌদি আরবের কাছে প্রায় ৫৭৫ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে প্রায় ৫০০ কোটি ডলারের জেডিএএম-ইআর এবং ৭৫ কোটি ডলারের এজিটি-১৫০০ ইঞ্জিন রয়েছে।সূত্র: এনডিটিভি, এএনআই
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের কাছে প্রায় ৫০০ কোটি ডলারের জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশনস-এক্সটেন্ডেড রেঞ্জ (জেডিএএম-ইআর) বিক্রির সম্ভাব্য প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
এসব অস্ত্রের প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান বোয়িং।এ ছাড়া প্রায় ৭৫ কোটি ডলারের এজিটি-১৫০০ ইঞ্জিন বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এসব ইঞ্জিনের প্রধান ঠিকাদার হানিওয়েল।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।পাশাপাশি বর্তমান ও ভবিষ্যৎ আঞ্চলিক হুমকি মোকাবিলা এবং নিজ ভূখণ্ডের নিরাপত্তা জোরদারে দেশটির সক্ষমতা বাড়বে।
এসব সরঞ্জাম সৌদি আরবের সামরিক ব্যবস্থার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য উপসাগরীয় মিত্রদের ব্যবহৃত সামরিক ব্যবস্থার সমন্বয়ও বাড়াতে সহায়তা করবে বলে জানিয়েছে ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, প্রস্তাবিত চুক্তিটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়ক হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রধান নন-ন্যাটো মিত্র হিসেবে সৌদি আরবের নিরাপত্তা আরও জোরদার হবে।