জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ছয় দফার লংমার্চ এক দফায় পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণের স্বার্থে আমাদের এই লংমার্চ। কোনো দুর্নীতিবাজ ও চাঁদাবাজকে আমরা বরদাস্ত করব না।’ ১৮ কোটি মানুষের দাবি আদায়ে তারা অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে জনগণও কাউকে ছাড় দেবে না।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, যত বাধাই আসুক, ১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে। নতুন করে যারা স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে, যারা চাঁদাবাজিতে জড়িত এবং যারা গণভোটের গণরায়ের বিরুদ্ধে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে এ লংমার্চ।
নাহিদ ইসলাম বলেন, সরকার লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করলে ছয় দফার কর্মসূচি এক দফায় পরিণত হবে।
জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, আজকের ৬ দফা ১ দফায় আসতে সময় লাগবে না।
শনিবার সকাল ৭টার দিকে শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়। এতে জোটভুক্ত দলগুলোর নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা।
নেতাদের বক্তব্য শেষে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বিভিন্ন এলাকায় পথসভা, স্থানীয়দের সংবর্ধনা ও অভ্যর্থনা কর্মসূচি রয়েছে। চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।
লংমার্চে নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আবু জাফর কাসেমীসহ জোটের অন্যান্য নেতারা।