https://www.a1news24.com
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৮

বাংলাদেশে পর্তুগালের ভিসা অফিস চালুর জোর দাবি পর্তুগাল গণদাবি পরিষদের

বাংলাদেশে অনতিবিলম্বে পর্তুগালের ভিসা অফিসের কার্যক্রম চালু এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার ও সৌদি এয়ারলাইন্সসহ আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে সরাসরি চলাচলের সুযোগ দেওয়ার জোর দাবি জানিয়েছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার নেতৃবৃন্দ।

শনিবার (১ আগস্ট) এক যৌথ বিবৃতিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার সভাপতি হারুন অর রশীদ, সহ-সভাপতি এ.এইচ.এম নুরুল হুদা (নাহাজ), সাধারণ সম্পাদক সুমন আহমেদ সানী, তথ্য ও প্রচার সম্পাদক আলমগীর হাছান ফারুকী এবং কোষাধ্যক্ষ মোঃ ফখরুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ এই দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে পর্তুগালে প্রচুরসংখ্যক বাংলাদেশী প্রবাসী বসবাস করছেন এবং তাঁরা নিয়মিত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণ করছেন। পর্তুগালে এখনো প্রচুর বাংলাদেশী শ্রমিকের চাহিদা রয়েছে। কিন্তু বাংলাদেশে কোনো পর্তুগিজ ভিসা অফিস না থাকায় সাধারণ ইচ্ছুক শ্রমিকরা সহজে সেখানে যেতে পারছেন না।

বর্তমানে বাংলাদেশীদের পর্তুগালের ভিসার জন্য ভারতে যেতে হয়, যা চরম জটিলতা, হয়রানি ও বাড়তি অর্থ খরচের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে সরাসরি ভিসা অফিস চালু হলে সহজে প্রবাসীরা পর্তুগাল যেতে পারবেন, যা দেশের বৈদেশি মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।

বিবৃতিতে সিলেট বিভাগের প্রবাসীদের দীর্ঘদিনের দাবির কথা উল্লেখ করে বলা হয়, সিলেটে অবস্থিত ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজ ও সৌদি এয়ারলাইন্সের মতো আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে ওঠানামা ও যাত্রী পরিবহনের সুযোগ দিতে হবে। এর ফলে সিলেট বিভাগের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং প্রবাসীদের যাতায়াত সহস্রগুণ সহজ হবে।

পর্তুগাল গণদাবি পরিষদের এই যৌক্তিক দাবির প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করেছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর। প্রবাসীদের সুবিধার্থে ও দেশের অর্থনৈতিক স্বার্থে এই দাবিগুলো দ্রুত মেনে নিতে সরকারের প্রতি জোর আহ্বান জানান তাঁরা।-বিজ্ঞপ্তি

আরো..