কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদীর ভাঙন দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে। নদীর অব্যাহত ভাঙনে বালাপাড়া ইউনিয়নের চর ঢুসমারা এলাকার বহু পরিবার বসতভিটা হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁগিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে ভাঙনকবলিত চর ঢুসমারা এলাকা পরিদর্শন করেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং ভাঙনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।
ইউএনও পাপিয়া সুলতানা বলেন, “তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন সবসময় রয়েছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ত্রাণ ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ইউপি সদস্য শাহ আল মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে, স্থানীয় বাসিন্দারা জানান, তিস্তা নদীর ভাঙনে প্রতিদিনই নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। অনেক পরিবার ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। তাদের দাবি, সাময়িক ত্রাণ সহায়তার পাশাপাশি নদীভাঙন রোধে দ্রæত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।