https://www.a1news24.com
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩১

১৬ জুলাই থেকে দেশ জুড়ে আবারও অতিভারী বর্ষণের শঙ্কা, জানাল আবহাওয়া অধিদপ্তর

দেশজুড়ে টানা বৃষ্টির প্রবণতা আগামী দুই দিন কিছুটা কমলেও ১৬ জুলাই থেকে আবারও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমতে পারে। এ সময় দেশের ৭৬ থেকে ১০০ শতাংশ এলাকায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময়ে দিনের তাপমাত্রা ৩১ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৪ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১৬ জুলাই থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে উঠতে পারে। এর প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, মৌসুমি বায়ুর সক্রিয়তা, বায়ুপ্রবাহের পরিবর্তন এবং এল নিনোর প্রভাবে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বর্ষণ হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ১৫ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক কম থাকবে। তবে ১৬ জুলাই থেকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

তিনি জানান, গত কয়েক দিনে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আরো..