বিশ্বকাপ ফুটবল মানেই সীমাহীন উন্মাদনা। সেই উন্মাদনায় বিশ্বের সেরা ফুটবল তারকাদের খেলা সরাসরি উপভোগ করতে বিভিন্ন ভেন্যুতে হাজির হয়েছেন বাংলাদেশের শোবিজ ও ক্রীড়াঙ্গনের পরিচিত মুখেরা।
গ্যালারিতে বসে খেলা দেখার পাশাপাশি তারা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সেই স্মরণীয় মুহূর্তগুলো। যেখানে ফুটে উঠেছে বিশ্বকাপের রঙিন আবহ, উচ্ছ্বাস আর আবেগের গল্প।
দেশি তারকাদের মধ্যে বিশ্বকাপের গ্যালারি মাতানোর বিষয়টি প্রথম আলোচনায় আসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ঘিরে। দীর্ঘদিন ধরেই পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি।
আর এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশও যুক্তরাষ্ট্র। গত ১৪ জুন নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল ও মরক্কোর ম্যাচে ব্রাজিলের জার্সি গায়ে হাজির হন সাকিব।
মজার বিষয় হলো, তার পরনের জার্সিটি ছিল ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের স্বাক্ষর করা। তবে ম্যাচ শেষে গণমাধ্যমকে তিনি জানান, জার্সি ব্রাজিলের হলেও সেদিন তিনি সমর্থন করেছেন মরক্কোকেই।
এর তিন দিন পর, ১৭ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করতে দেখা যায় অভিনেত্রী নাদিয়া আহমেদ ও তার স্বামী অভিনেতা এফ এস নাঈমকে। ম্যাচ শুরুর আগে থেকে শেষ পর্যন্ত গ্যালারির নানা মুহূর্ত রিলস ও ভিডিও আকারে সামাজিকমাধ্যমে শেয়ার করেন নাদিয়া। আর্জেন্টিনার জয়ের পর গ্যালারি থেকে উচ্ছ্বাসের একটি ছবিও পোস্ট করেন এই তারকা দম্পতি।
একই ম্যাচে গ্যালারিতে ছিলেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। আর্জেন্টিনার জার্সি পরে মাঠে বসে খেলা উপভোগের বেশ কয়েকটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেন তিনি। একইভাবে অভিনেত্রী তানহা তাসনিয়াও মেসিদের খেলা সরাসরি দেখতে হাজির হন স্টেডিয়ামে। ছবি ও ভিডিও পোস্ট করে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন নিজের উচ্ছ্বাস।
একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী আদিল হোসেন নোবেলের ফুটবলপ্রেম নতুন কিছু নয়। অতীতেও বিশ্বকাপের ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন তিনি। এবার ৩০ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফ্রান্স ও সুইডেনের শেষ ষোলোর ম্যাচ উপভোগ করেন স্ত্রী ও বন্ধুদের সঙ্গে। মাঠের বিভিন্ন মুহূর্ত সামাজিকমাধ্যমেও শেয়ার করেন তিনি।
নকআউট পর্বে ব্রাজিল-নরওয়ে ম্যাচ ঘিরেও গ্যালারিতে ছিল বাংলাদেশি তারকাদের সরব উপস্থিতি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ব্রাজিলের জার্সি পরে গ্যালারিতে হাজির হন। সাম্বা জার্সির সঙ্গে হাতে ছিল বাংলাদেশের লাল-সবুজ পতাকা। তার এই ছবি সামাজিকমাধ্যমে বেশ সাড়া ফেলে।
একই ম্যাচে ব্রাজিলকে সমর্থন জানাতে মেটলাইফ স্টেডিয়ামে ছিলেন অভিনেত্রী সাফা কবীরও। খেলা উপভোগের পাশাপাশি মাঠের বেশ কয়েকটি স্মরণীয় মুহূর্ত ক্যামেরাবন্দি করে সামাজিকমাধ্যমে শেয়ার করেন তিনি। তবে প্রিয় দলের পরাজয় হওয়ায় শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হয় এই অভিনেত্রীর।
অন্যদিকে একই ম্যাচে ভিন্ন আবহে গ্যালারিতে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার সমর্থক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ব্রাজিলের বিদায়ের পর নিজের উচ্ছ্বাস লুকিয়ে রাখেননি তিনি। সামাজিকমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লেখেন, বাই বাই ব্রাজিল। পাশাপাশি ম্যাচের আগে ও পরে তোলা একাধিক ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
এছাড়াও প্রথম রাউন্ডের ব্রাজিল-হাইতির ম্যাচ সরাসরি দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন কনটেন্ট নির্মাতা আয়মান সাদিক। স্টেডিয়াম থেকে তিনি বলেন, অনেকদিনের ইচ্ছা ছিল ব্রাজিলের খেলা সরাসরি দেখবো। অবশেষে বিশ্বকাপে এসে সেই স্বপ্ন পূরণ হলো।
বিশ্বকাপের নকআউট পর্ব যত এগোচ্ছে, ততই বাড়ছে স্টেডিয়ামে বাংলাদেশি তারকাদের উপস্থিতি। মাঠের রোমাঞ্চ, গ্যালারির আবেগ আর প্রিয় দলের প্রতি অকুণ্ঠ সমর্থন- সব মিলিয়ে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরে এবার যেন আলাদা করেই চোখে পড়ছে বাংলাদেশের তারকাদের প্রাণবন্ত উপস্থিতি।