নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ বেশ কয়েকটি বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে করা আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায়ের জন্য বৃহস্পতিবার (৯ জুলাই) দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বুধবার (৮ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রায়ের জন্য এ দিন ধার্য করেন। পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত বিষয় সংসদের ওপর ছেড়ে দেওয়ার আবেদন জানিয়ে শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এর আগে সোমবার সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, জামায়াতে ইসলামীসহ অন্য পক্ষভুক্তরা শুনানি শেষ করেন।
বদিউল আলম মজুমদারের আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, পঞ্চদশ সংশোধন ছিল প্রতারণা। তাই এটি পুরোপুরি বাতিলের দাবি জানান তিনি। তবে, শুনানিতে তিনি ৯৬ ও ১০২ অনুচ্ছেদের সুরক্ষা চান।
এদিকে, পঞ্চদশ সংশোধনীর যে সমস্ত বিষয় মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক সেগুলো বাতিল ও বাকিগুলো সংসদের ওপর ছেড়ে দেওয়ার আবেদন করে আপিল বিভাগে পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল চেয়ে শুনানি শেষ করেন জামায়াতের আইনজীবী শিশির মনির।
এর আগে, গত বছরের ১৩ নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
প্রসঙ্গত, পৃথক দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ২০২৪ সালের ১৭ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল করে রায় দেন।১৫ বছর আগে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার।