https://www.a1news24.com
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫২

সাবেক ছাত্রনেতা নাজমুল ইসলামের বাংলাদেশ লেবার পার্টিতে যোগদান

বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মোঃ নাজমুল ইসলাম তালুকদার বাংলাদেশ লেবার পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। সোমবার বাদ মাগরিব রাজধানীর হোটেল রহমানিয়া ইন্টারন্যাশনালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান-এর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে দলে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ হেলাল উদ্দিন চৌধুরী, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, পঞ্চগড় জেলা সভাপতি মোঃ ফেরদাউস আলম, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন, ঢাকা মহানগর ছাত্র মিশনের আহ্বায়ক মোঃ রায়হান উদ্দিন সনি, সদস্য মোঃ সাব্বির আহমেদসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করতে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি অভিযোগ করেন, যারা গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও আইনের শাসনে বিশ্বাস করে না, তারাই জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ভূলুণ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে।

ডাঃ ইরান বলেন, “আমরা জান দেবো, কিন্তু জুলাই দেবো না।” তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ ও চেতনাকে ধারণ করে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিকে তৃণমূল থেকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।

যোগদান শেষে নবাগত নেতা মোঃ নাজমুল ইসলাম তালুকদার বাংলাদেশ লেবার পার্টির আদর্শ, নীতি ও কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দলের সঙ্গে থেকে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি

আরো..