https://www.a1news24.com
৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৭

গণভোটের রায় বাস্তবায়ন ও হাদী হত্যার বিচার নিশ্চিত করতে হবে : ডাঃ ইরান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে “জান দেব, জুলাই দেব না” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ লেবার পার্টির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ৩ জুলাই বিকাল ৪টায় নয়াপল্টনস্থ কার্যালয়ে লেবার পার্টি ঢাকা মহানগর দক্ষিণের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এআরএম জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।
সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, মানিকগঞ্জ জেলা সদস্য সচিব মোঃ আবদুল বাসেত, মহানগর যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ আলম পাটোয়ারী, গোলাম আজম, মোঃ রাজু বেপারী, মহানগর সদস্য মোঃ শফিকুল ইসলাম, রংপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হাসান হাফিজ, শ্যামপুর থানার প্রতিনিধি জুয়েল মাহমুদ, যাত্রাবাড়ী থানার সাধারন সম্পাদক আরমান হোসেন, সদস্য দাউদ হোসাইন, সবুজবাগ থানার প্রতিনিধি আতিকুল ইসলাম ও ছাত্রমিশনের মহানগর আহবায়ক রায়হান উদ্দিন সনি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের জনগণের অধিকার, ভোটাধিকার, গণতন্ত্র ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা ব্যক্ত করেছে। কিন্তু শহীদদের রক্তের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এখনও অনেক পথ বাকি।

তিনি বলেন, গণভোটে জনগণের যে রায় প্রতিফলিত হয়েছে, তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র সংস্কার, আইনের শাসন, স্বাধীন বিচারব্যবস্থা, সুশাসন এবং জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার নিশ্চিত করেই জুলাইয়ের চেতনার প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।

ডাঃ ইরান আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া বীর সন্তানদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। বিশেষ করে শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সকল জুলাই শহীদের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

দফতর সম্পাদক মোঃ মিরাজ খান বলেন, লেবার পার্টি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও জনগণমুখী রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করবে। তিনি মাসব্যাপী ঘোষিত কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে এআরএম জাফরুল্লাহ চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা হচ্ছে জনগণের শক্তির কাছে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। এই চেতনা ধারণ করে সংগঠনকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী করতে হবে এবং জনগণের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

তিনি নেতাকর্মীদের “জান দেব, জুলাই দেব না” এই অঙ্গীকারকে ধারণ করে মাসব্যাপী কর্মসূচি সফল করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

আরো..