https://www.a1news24.com
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৩

মোংলায়আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আয়োজন থেকে যুবলীগ-ছাত্রলীগের চার নেতা-কর্মী আটক

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন চলাকালে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (২৪ জুন) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোংলা পোর্ট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সরকার মার্কেট এলাকায় সোমবার সন্ধ্যা থেকে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী জড়ো হতে থাকেন। রাতের দিকে সেখানে প্রায় ২৫ থেকে ৩০ জন নেতা-কর্মী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করছিলেন। এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। এ সময় অন্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

আটক ব্যক্তিরা হলেন হাসান শিকদার, সবুজ মণ্ডল, রবিউল হাসান পিথিল ও নূর নবী হোসেন পিয়েল। এ আয়োজনের সঙ্গে আর কারা জড়িত ছিলেন, তা খতিয়ে দেখতে পুলিশ গোপনে তদন্ত চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। পরিস্থিতি বিশ্লেষণ করে সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।”

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মোংলা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

আরো..