https://www.a1news24.com
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫৪

ইকুয়েডরকে একাই থামিয়ে দিলেন কুরাসাওয়ের গোলরক্ষক রোম, করলেন বিশ্ব রেকর্ড

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইকুয়েডরকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে প্রথম পয়েন্ট অর্জন করেছে ক্যারিবীয় দ্বীপদেশ কুরাসাও। ম্যাচের নায়ক ছিলেন গোলরক্ষক এলয় রুম, যিনি দুর্দান্ত পারফরম্যান্সে নতুন রেকর্ড গড়েছেন।

রোববারের (২১ জুন) এই ম্যাচে পুরো ৯০ মিনিটজুড়ে ইকুয়েডরের আক্রমণ সামলে ১৫টি শট সেভ করেন এলয় রুম। বিশ্বকাপের এক ম্যাচে এটি সর্বোচ্চ সেভের রেকর্ড হিসেবে ধরা হচ্ছে।

ম্যাচের আগে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৮১ নম্বরে থাকা কুরাসাওয়ের তুলনায় ৩০ নম্বরে থাকা ইকুয়েডর ছিল স্পষ্ট ফেবারিট। দক্ষিণ আমেরিকার এই দলটি বাছাইপর্বে আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো শক্তিশালী দলকে হারিয়ে আলোচনায় এসেছিল।

তবে বিশ্বকাপের চলতি আসরে ছন্দে নেই ইকুয়েডর। প্রথম ম্যাচে তারা হেরেছিল আইভরিকোস্টের কাছে ১-০ গোলে। এবার কুরাসাওয়ের বিপক্ষেও গোলের দেখা পেল না তারা।

অন্যদিকে, প্রথম ম্যাচে জার্মানির কাছে ৭-১ ব্যবধানে বড় হারের পর ঘুরে দাঁড়িয়ে দারুণ লড়াই করে কুরাসাও। ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও এলয় রুমের দৃঢ় দেয়াল ভাঙতে পারেনি ইকুয়েডর।

শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এতে কুরাসাও পায় বিশ্বকাপে প্রথম পয়েন্টের স্বাদ, আর টানা দ্বিতীয় ম্যাচে জয়হীন থেকে চাপ বেড়েছে ইকুয়েডরের ওপর।

আরো..