ক্রীড়া ডেস্ক: শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে থাকলেও জার্মানির চোখে চোখ রেখে লড়াই করেছে আইভরি কোস্ট। চমক জাগিয়ে ম্যাচে এগিয়েও গিয়েছিল আফ্রিকার দলটি। একপর্যায়ে জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল তারা। তবে বদলি নেমে সব হিসাব পাল্টে দেন ডেনিস উন্দাভ। তার জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।শনিবার টরন্টো স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে জয় পায় ইউলিয়ান নাগেলসমানের দল।
কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়া প্রথম ম্যাচে বদলি নেমে একটি গোল ও দুটি গোলে সহায়তা করেছিলেন উন্দাভ। এবার দুই গোল করে তিনিই জয়ের নায়ক।
প্রথমার্ধে ফ্রাঙ্ক কেসিয়ের গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট। দ্বিতীয়ার্ধে মাঠে নামার আট মিনিটের মধ্যেই সমতা ফেরান উন্দাভ। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এই জয়ে ২০০৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতল জার্মানি। একই সঙ্গে ২০১৪ সালে চতুর্থ শিরোপা জয়ের পর এই প্রথম নকআউট পর্বে জায়গা নিশ্চিত করল তারা। এর আগের দুই আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল জার্মানদের।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে রয়েছে জার্মানি। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আইভরি কোস্ট। একুয়েডরকে ১-০ গোলে হারিয়ে আসর শুরু করা আফ্রিকার দলটির নকআউটে ওঠার সম্ভাবনাও এখনও ভালোভাবেই টিকে আছে।এক ম্যাচ করে খেলেও এখনও পয়েন্টের দেখা পায়নি একুয়েডর ও কুরাসাও।
ম্যাচে প্রায় ৬০ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রাখে জার্মানি। তারা ১৬টি শট নেয়, যার সাতটি ছিল লক্ষ্যে। অন্যদিকে আইভরি কোস্টের ৯টি শটের মধ্যে মাত্র দুটি ছিল লক্ষ্যে।
খেলা শুরুর ৩০ সেকেন্ড না পেরোতেই বক্সের ভেতর থেকে আচমকা জোরালো শট নেন কাই হাভার্টজ। তবে প্রথম ম্যাচে জোড়া গোল করা এই তারকার প্রচেষ্টা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
দশম মিনিটে জসুয়া কিমিখের ক্রস থেকে বক্সে হেড নেন হাভার্টজ। কিন্তু গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা দারুণ দক্ষতায় বলটি ঠেকিয়ে দেন।
১৮তম মিনিটে বক্সের বাইরে থেকে জামাল মুসিয়ালার শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। চার মিনিট পর ফেলিক্স মেচারের শক্তিশালী শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়। সেই কর্নার থেকে আলেকসান্দার পাভলোভিচের হেড জালে জড়ালেও গোলরক্ষকের ওপর ফাউলের কারণে গোল বাতিল করেন রেফারি।
৩০তম মিনিটে জার্মানিকে চমকে দিয়ে এগিয়ে যায় আইভরি কোস্ট। বাঁ দিক দিয়ে প্রতিপক্ষকে কাটিয়ে বক্সে পাস দেন ইয়ান ডিওমান্ডে। প্রথম ম্যাচের গোলদাতা আমাদ জিয়ালোর শট নাথানিয়েল ব্রাউন ঠেকিয়ে দিলেও ফিরতি বলে জাল খুঁজে নেন সাবেক বার্সেলোনা মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসিয়ে।
জাতীয় দলের হয়ে এটি ছিল কেসিয়ের ১৬তম গোল এবং বিশ্বকাপে প্রথম।বিশ্বকাপে আইভরি কোস্টের হয়ে কেসিয়ের চেয়ে বেশি বয়সে গোল করেছেন শুধু দিদিয়ের দ্রগবা। তিনি ২০১০ সালে ৩২ বছর ১০১ দিন বয়সে গোল করেছিলেন।
৪০তম মিনিটে আবারও বল জালে পাঠায় জার্মানি। তবে আক্রমণ শুরুর সময় মুসিয়ালার ফাউলের কারণে গোলটি বাতিল হয়ে যায়।
দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। জার্মানির চাপ বাড়তে থাকে। ৬৮তম মিনিটে নাদিম আমিরির ক্রসে বক্সের মধ্যে ভলি শটে সমতা ফেরান ৬০তম মিনিটে বদলি নামা উন্দাভ।
নির্ধারিত সময়ের এক মিনিট আগে দারুণ সুযোগ পেয়েছিল আইভরি কোস্ট। ডান দিক দিয়ে আক্রমণে উঠে নিকোলাস পেপে বক্সের অন্য পাশে নিখুঁত পাস দিলেও প্রথম স্পর্শে শট না নিয়ে বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে সুযোগ নষ্ট করেন সিমোঁ আদিঙ্গা। ফলে বড় বিপদ থেকে রক্ষা পায় জার্মানি।
যোগ করা ছয় মিনিটের চতুর্থ মিনিটে আসে ম্যাচের নিষ্পত্তি। ফেলিক্স মেচারের পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জালে বল পাঠিয়ে জার্মানিকে জয় এনে দেন ডেনিস উন্দাভ।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টায় একুয়েডরের মুখোমুখি হবে জার্মানি। একই সময়ে কুরাসাওয়ের বিপক্ষে খেলবে আইভরি কোস্ট।