https://www.a1news24.com
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৬

সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোর পথে নেদারল্যান্ডস

ক্রীড়া ডেস্ক: দারুণ সব আক্রমণে প্রতিপক্ষের রক্ষণে বারবার ভীতি ছড়াল সুইডেন, যদিও আগের ম্যাচের মতো ফিনিশিংয়ে কার্যকর হতে পারল না তারা। অন্যদিকে, দুই অর্ধের শুরুতে দুইবার করে জালে বল পাঠিয়ে লড়াইয়ের নিয়ন্ত্রণ নিল নেদারল্যান্ডস। তাই ম্যাচে রোমাঞ্চ ছড়ালেও, ফল নিয়ে তেমন কোনো নাটকীয়তা হলো না।

হিউস্টনের দর্শকে ভরা স্টেডিয়ামে ব্রায়ান ব্রবি ও কোডি গাকপো দুটি করে গোল করেন। শনিবারের ম্যাচটি ৫-১ গোলে জিতে ‘এফ’ গ্রুপ থেকে নকআউট পর্বে ওঠার পথে এগিয়ে রইল রোনাল্ড কুমানের দল। তাদের আরেক গোলদাতা ক্রাইসেনসিও সামারভিল।

দুই ম্যাচে একটি জয় ও একটি ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে নেদারল্যান্ডস। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সুইডেন।

১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জাপান। এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি তিউনিসিয়া। তবে এই দুই দল একটি করে ম্যাচ কম খেলেছে।

বল দখলের লড়াইয়ে দুই দল ছিল প্রায় সমান। তবে আক্রমণে এগিয়ে ছিল সুইডেন। গোলের উদ্দেশে তারা ১৬টি শট নেয়, যার আটটি ছিল লক্ষ্যে। অন্যদিকে নেদারল্যান্ডস ১০টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

সুইডেনের একের পর এক আক্রমণ দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে ব্যবধান গড়ে দিতে বড় ভূমিকা রাখেন ডাচ গোলরক্ষক বার্ট ভেরব্রুহেন।

জাপানের বিপক্ষে দুইবার এগিয়েও জয় না পাওয়া নেদারল্যান্ডস এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ব্রবির নৈপুণ্যে প্রথম কুলিং ব্রেকের আগেই দুই গোলে এগিয়ে যায় তারা।

পঞ্চম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে কোডি গাকপো ছয় গজ বক্সে বল বাড়িয়ে দেন। প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ছুটে এসে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন ব্রবি।

এক মিনিট পরই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে হারানো সুইডেন। তবে ভিক্তর ইয়োকেরেশের শট কর্নারের বিনিময়ে রুখে দেন ভেরব্রুহেন।

১৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেদারল্যান্ডস। ডান দিক থেকে ডেনজেল ডামফ্রিসের পাস প্রতিপক্ষের একজনের পায়ে লেগে গোলমুখে চলে এলে স্লাইড করে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রবি।

জাতীয় দলের হয়ে আগের ১৩ ম্যাচে মাত্র একটি গোল করেছিলেন ব্রবি। এবার এক ম্যাচেই করেন দুটি।

দুই গোল হজমের পর আক্রমণের গতি বাড়ায় সুইডেন। একের পর এক সুযোগ তৈরি করলেও ভেরব্রুহেনের দুর্দান্ত সেভে ব্যবধান কমাতে পারেনি তারা।

অনেক সুযোগ নষ্টের পর ৪৫তম মিনিটে একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। বিরতির ঠিক আগে ইয়াসিন আইয়ারির দূরপাল্লার শটও ফিরিয়ে দেন ডাচ গোলরক্ষক।

প্রথমার্ধে সুযোগ নষ্টের মাশুল দেওয়া সুইডেন বিরতির পর আরও বড় ধাক্কা খায়। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার দুই মিনিটের মধ্যেই তৃতীয় গোল করে নেদারল্যান্ডস।

৪৭তম মিনিটে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে দূরের পোস্টে বল বাড়িয়ে দেন ডেনজেল ডামফ্রিস। সেখানে সহজ সুযোগ কাজে লাগিয়ে নিজের প্রথম গোল করেন গাকপো।

তৃতীয় গোলের ধাক্কা সামলানোর আগেই চতুর্থবার জালে বল তোলে ডাচরা। প্রতিপক্ষের ব্যর্থ আক্রমণ ঠেকিয়ে দ্রুত পাল্টা আক্রমণে উঠে সামারভিলের পাস ধরে একজন ডিফেন্ডারকে কাটিয়ে প্লেসিং শটে নিজের দ্বিতীয় গোল করেন গাকপো।

বিশ্বকাপে এটি গাকপোর পঞ্চম গোল। ২০২২ আসরে তিনি তিনটি গোল করেছিলেন। জাতীয় দলের হয়ে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের মোট গোলসংখ্যা এখন ২৩।

পরের মিনিটেই একসঙ্গে তিনটি পরিবর্তন করেন সুইডেনের কোচ। মাঠে নামার পাঁচ মিনিটের মধ্যেই দারুণ এক গোলে ব্যবধান কমান অ্যান্থনি এলাঙ্গা।

৫৯তম মিনিটে আলেকসান্দার ইসাকের অসাধারণ থ্রু বল ধরে সবাইকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে জোরালো শটে জাল খুঁজে নেন তিনি।

নির্ধারিত সময়ের ছয় মিনিট আগে আরও একটি ভালো সুযোগ তৈরি করে সুইডেন। এবার ২৫ গজ দূর থেকে ইসাকের জোরালো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন ভেরব্রুহেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে নেমে দারুণ খেলেন সামারভিল। শেষ দিকে তার পারফরম্যান্সে যোগ হয় গোলও। আরেক বদলি ফরোয়ার্ড মেমফিস ডিপাইয়ের পাস থেকে গোল করে ৫-১ ব্যবধানে দলের বড় জয় নিশ্চিত করেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের এই উইঙ্গার।

জাপানের বিপক্ষে ২-২ ড্র হওয়া ম্যাচেও নেদারল্যান্ডসের শেষ গোলটি করেছিলেন সামারভিল।

গ্রুপ পর্বের শেষ ম্যাচ আগামী শুক্রবার ভোরে তিউনিসিয়ার মুখোমুখি হবে নেদারল্যান্ডস। একই সময়ে জাপানের বিপক্ষে মাঠে নামবে সুইডেন।

আরো..