https://www.a1news24.com
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৯

ঢালচরের সন্ত্রাসী বাহিনীর ভূমিদখল চাঁদাবাজী ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতাঃ নোয়াখালীর হাতিয়ায় সুখচর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিচ্ছিন্ন ঢালচরের চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু বাহিনীর চাঁদাবাজি, খাল ও ভূমি দখল এবং নিরীহ ভূমিহীনদের হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা।

শনিবার দুপুরে ঢালচর মসজিদ মার্কেটে স্থানীয় জনগণের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ইসমাইল হোসেন, মো. মিরাজ উদ্দিন, আলতাফ সরদার, মহিন উদ্দিন মাঝি, সিরাজ উদ্দিন ও রিমা আক্তার রিয়াসহ অনেকে। মানববন্ধনে বক্তারা ঢালচরের সন্ত্রাসী সোহেল, জহির, পারভেজ ও ইউছুফসহ তাদের পুরো বাহিনীকে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন, কামাল উদ্দিন তালুকদার, নাজিম উদ্দিন, মো. শরীফ উদ্দিন, আজাদ উদ্দিন, মো. এনায়েত হোসেন, কালু রাজ সহ এলাকার বিভিন্ন পেশাজীবী নারী-পুরুষ ব্যানার-হাতে অংশ নেন।

বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এই চরে সোহেল, জহির, পারভেজ ও ইউছুফের নেতৃত্বে একটি চিহ্নিত সন্ত্রাসী বাহিনী চরম নৈরাজ্য সৃষ্টি করে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। মানুষের প্রতিটি কাজে তাদের ধারাবাহিক চাঁদাবাজি, জোরপূর্বক অসহায় মানুষের জমি দখল ও সরকারি খাল দখল এবং বনের মূল্যবান গাছ কেটে উজাড় করছে। তাদের কাজে রাজি না হলে অনৈতিক কর্মকান্ডে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলছে।

ভুক্তভোগী বাসিন্দারা আরও বলেন, “আমরা আর কোনো সন্ত্রাসী বাহিনীর জিম্মিদশায় বাঁচতে চাই না। এই চরের প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজের অধিকার নিয়ে বাঁচতে চায়। আমাদের সন্তান, পরিবার ও মা-বোনদের নিয়ে একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করা আমাদের মৌলিক অধিকার। চাঁদাবাজ আর দখলদারদের এই অত্যাচার আমরা ঢালচরে দেখতে চাই না।”

মানববন্ধন থেকে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, অনতিবিলম্বে এই সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহনের আবেদন করা হয়। সাথে সাথে ঢালচরের নিরীহ ভূমিহীন মানুষকে এই সন্ত্রাসীদের জিম্মিদশা থেকে চিরতরে মুক্ত করতে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনের প্রতি জোরালো আহবান জানানো হয়, অন্যথায় এলাকাবাসী আরও কঠোর আন্দোলনের ডাক দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

আরো..