https://www.a1news24.com
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৪

পূজা উদযাপন পরিষদ মোগলাবাজার থানার সম্মেলন সম্পন্ন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, স্বাধীনতার এতো বছর পেরিয়ে গেলেও এ দেশে ধর্মীয় সংখ্যালঘুদের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। অথচ একাত্তরের রক্তক্ষয়ী যুদ্ধ কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য ছিল না, এ দেশ স্বাধীন হয়েছিল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের সমান অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজো সংখ্যালঘুদের নিজেদের অধিকার ও নিরাপত্তার জন্য লড়াই করতে হচ্ছে।”

শুক্রবার (১৯ জুন) বিকেলে শ্রীশ্রী সর্বানন্দ ভৈরব গ্রীবা মহাপীঠ রক্ষী শিব মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের মোগলাবাজার থানা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা গাইবান্ধায় সনাতন ধর্মের পরম আরাধ্য প্রভু শ্রীরামের অবমাননার ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে যারা সমাজে বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে। এই অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেবল বছরজুড়ে ধর্মীয় উৎসব বা পূজা পার্বণ উদযাপনেই সীমাবদ্ধ নয়। এটি সনাতন ধর্মাবলম্বীসহ দেশের সকল ধর্মীয় সংখ্যালঘুদের মৌলিক অধিকার আদায় এবং তাদের ওপর হওয়া যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকার শক্তিশালী প্ল্যাটফর্ম। দেশের যেখানেই সংখ্যালঘুদের ওপর কোনো আঘাত আসবে, পূজা পরিষদ সেখানেই অধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট ও অগ্রণী ভূমিকা পালন করবে। অধিকার আদায়ের লড়াইয়ে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষা, নিরাপত্তা এবং সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করতে হলে পারস্পরিক সকল ভেদাভেদ ভুলে সর্বস্তরের সনাতনীদের আজ একই পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ শক্তির সামনে কোনো অপশক্তি টিকে থাকতে পারবে না।

মোগলাবাজার থানা শাখার সভাপতি মনমোহন দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করেন সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে সনাতন সংস্কৃতির বিকাশ ও সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশ।

মোগলাবাজার থানা শাখার সাধারণ সম্পাদক বিশ^জিত দাশ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার সহ-সভাপতি শ্যামল ধর, সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শৈলেন কুমার কর, মহানগর শাখার সহ-কোষাধ্যক্ষ চন্দ্র শেখর দে চপল, সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্জীব দত্ত, প্রচার সম্পাদক পিনাক কর, সহ-পূজা সম্পাদক অখিল সরকার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নন্দন চন্দ্র পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক অর্পণ দাশ, পুজা পরিষদ কোতোয়ালি থানা শাখার সভাপতি অরবিন্দু দাস বিভু, দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি দীপঙ্কর দাস, সাধারণ সম্পাদক নিখিল মালাকার, ঐক্য পরিষদ মোগলা বাজার থানার সভাপতি রাজকুমার পাল রাজু, দক্ষিণ সুরমা থানা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী অর্পণ, ঐক্য পরিষদ ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক সভাপতি বিজন দেবনাথ, পূজা পরিষদ ফেঞ্চুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক শিপন পাল, সাংগঠনিক সম্পাদক রঞ্জিত দেবনাথ, যুব ঐক্য পরিষদ সিলেট মহানগরের আহ্বায়ক রকি দেব, যুগ্ম আহবায়ক শান্ত মালাকার ও সদস্য সচিব ঋষিলেশ দাস। অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর, বিভিন্ন থানা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্মেলনে মনমোহন দেবনাথ’কে সভাপতি ও বিশ্বজিৎ দাশ’কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মোগলা বাজার থানা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

আরো..