রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠি-১ রাজাপুর-কাঠালিয়া আসনে বিএনপির সাবেক মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকতের গ্রেফতারের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ খবরকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার (১৭ জুন) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি এ তথ্য জানান। গোলাম আজম সৈকত বলেন, আমার গ্রেফতারের বিষয়ে প্রচারিত সব তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি অভিযোগ করেন, একটি মহল দীর্ঘদিন ধরে তাকে সামাজিকভাবে হেয় ও রাজনৈতিকভাবে দুর্বল করতে ষড়যন্ত্র করছে। আমার সুনাম ক্ষুণ্ন করতেই পরিকল্পিতভাবে এই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এটি নিছক গুজব নয়, রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ, বলেন তিনি।
সামাজিক মাধ্যমে তার গ্রেফতারের দাবিতে যেসব ছবি প্রচার হচ্ছে সে প্রসঙ্গে সৈকত বলেন, ছবিগুলোর কিছু অংশ ২০১৭ সালের পুরোনো ঘটনার। বাকি ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে বিকৃত ও তৈরি করা হয়েছে। উদ্দেশ্য একটাই—জনগণকে বিভ্রান্ত করা, যোগ করেন তিনি।
গুজবের জবাবে তিনি দৃঢ়ভাবে জানান, আমি সম্পূর্ণ সুস্থ আছি, মুক্ত আছি। আমার দৈনন্দিন রাজনৈতিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।
এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ভবিষ্যতে কেউ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ালে প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে তিনি সবার প্রতি আহ্বান জানান, যাচাই-বাছাই ছাড়া কোনো গুজব যেন শেয়ার না করা হয়।
উল্লেখ্য, গোলাম আজম সৈকত ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মাঠে সক্রিয় থাকায় তাকে নিয়েই এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে বলে তার ধারণা।