হিজাব পরে ড্রামস বাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা নাজিয়া সামান্তা ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর এক বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তাহেরী তার নাম উল্লেখ করে আলোচনা করার মাধ্যমে আলোচনায় থাকতে চাইছেন। তবে তিনি ব্যক্তিগতভাবে তাহেরীকে পছন্দ করেন এবং তার ওয়াজ শোনেন বলেও জানিয়েছেন।
তাহেরীর সঙ্গে একবার সাক্ষাতের কথা উল্লেখ করে সামান্তা বলেন, তাহেরী জানতে চেয়েছিলেন তিনি কী করেন। জবাবে তিনি পড়াশোনার পাশাপাশি সংগীতচর্চার কথা জানান। সামান্তার দাবি, সে সময় তাহেরী সংগীতচর্চা নিয়ে কোনো আপত্তি জানাননি। তখন তিনি আমাকে বলেছিলেন, নামাজটা সবসময় পড়বে। আমি যে মিউজিক করি, সেটি শুনেও তিনি কোনো নেতিবাচক মন্তব্য করেননি। এখন ওয়াজে আমাকে নিয়ে বিভিন্ন কথা বলছেন, যা চাইলে তখনই ব্যক্তিগতভাবে বলতে পারতেন।”
সেই সময় সামান্তা বোরকা পরতেন না এবং হজও করেননি। সাক্ষাতের সময় তার মাথায় ওড়না ছিল, তবে সঙ্গে থাকা এক আত্মীয়ের মাথায় ওড়নাও ছিল না। এ বিষয়েও তাহেরী কোনো মন্তব্য করেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনার প্রসঙ্গে সামান্তা বলেন, “উনারা সবাই আমার বড়। তাদের নিজস্ব মতামত থাকতে পারে। তবে সোশ্যাল মিডিয়ায় ট্রলের বিষয় না বানিয়ে, যখন দেখা হয়েছিল তখনই ব্যক্তিগতভাবে বিষয়গুলো বলতে পারতেন।”
তিনি অভিযোগ করেন, তার নাম উল্লেখ করে আলোচনা করার মাধ্যমে জনপ্রিয়তা বা ‘মার্কেট’ পাওয়ার চেষ্টা করা হয়েছে।
তবে সমালোচনার মধ্যেও তাহেরীর প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন সামান্তা। বলেন, “ব্যক্তিগতভাবে তাহেরী হুজুরকে আমার ভালো লাগে। তার ওয়াজ শুনতে ভালো লাগে এবং তিনি একজন মজার মানুষ।”
সম্প্রতি তাহেরীর এক ওয়াজে সামান্তাকে নিয়ে করা মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ নিয়ে উভয় পক্ষের বক্তব্যকে কেন্দ্র করে অনুসারীদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।