https://www.a1news24.com
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৯

মধ্যপ্রাচ্যে ফের সংঘাতের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম

ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা এলেও মধ্যপ্রাচ্যে ফের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সম্ভাব্য সামরিক উত্তেজনা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের প্রভাব পড়েছে জ্বালানি বাজারে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৯ জুন) গ্রিনিচ মান সময় দুপুর ১২টা ১ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১৩ সেন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে ৯৪.৩৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১১ সেন্ট বা ০.১২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.৪১ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরান ও ইসরাইলের মধ্যে আবারও সামরিক সংঘাত শুরু হতে পারে—এমন আশঙ্কা থেকেই তেলের বাজারে মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা দিয়েছে। বিনিয়োগকারীরা পরিস্থিতির ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন।

সোমবার (৮ জুন) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, চলমান পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এর কয়েক ঘণ্টা আগে তেহরানও সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দেয়।

তবে ইরান স্পষ্টভাবে জানিয়েছে, ভবিষ্যতে ইসরাইল যদি তাদের ভূখণ্ড বা লেবাননে নতুন কোনো হামলা চালায়, তাহলে তার জবাব দেওয়া হবে। দেশটির শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয়।

দুই মাসের বিরতির পর রোববার দিবাগত রাতে ইরান ও ইসরাইলের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার সকাল পর্যন্ত উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা অব্যাহত ছিল।

এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একাধিক বার্তা দিয়ে দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। পাশাপাশি তিনি যুদ্ধবিরতার উদ্যোগ নিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন।

আরো..