কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা-পিরোজপুরের কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় দুই পথচারী গুরুতর আহত হওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অপর ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩১ মে) রাত প্রায় ৯টার দিকে কাউখালী সরকারি বালিকা বিদ্যালয় সড়কের একটি সেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল দুই পথচারীকে ধাক্কা দেয়। এতে উজিয়াল খান এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম কনক (৭২) ও আহসানুর রহমান পল্টু (৬৫) গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চিকিৎসাধীন অবস্থায় শহীদুল ইসলাম কনক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আহত আহসানুর রহমান বর্তমানে একই হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন।
কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ এবাদ আলী মোল্লা দুর্ঘটনায় জড়িত চালক ও মোটরসাইকেল আটক করা চেস্টা চলছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা এলাকায় বেপরোয়া মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।