https://www.a1news24.com
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে যাত্রীরা, ৪৫ কিলোমিটার যানজট

অতিরিক্ত যানবাহনের চাপ, বৈরী আবহাওয়া ও দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহন ধীরগতিতে চলাচল করছে, আবার কোথাও দীর্ঘ সময় ধরে পুরোপুরি থেমে থাকতে দেখা গেছে।

মঙ্গলবার দিবাগত রাত থেকে শুরু হওয়া যানজট বুধবার সকাল নাগাদ প্রায় ৪৫ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এতে ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইল সদর উপজেলার পাকুল্ল্যা পর্যন্ত মহাসড়কের দীর্ঘ অংশজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। রাতের আকস্মিক বৃষ্টিতে সড়ক পিচ্ছিল হয়ে পড়া এবং যমুনা সেতু ও সংযোগ সড়কে কয়েকটি যাত্রীবাহী ও মালবাহী গাড়ি বিকল হয়ে যাওয়ায় পরিস্থিতির আরও অবনতি ঘটে।

দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। অনেক যানবাহন ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকতে দেখা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন কাজ করছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া স্বাভাবিক হলে যানজট কিছুটা কমে আসবে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, আকস্মিক বৃষ্টি এবং ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত গাড়ির চাপের কারণেই মূলত এই যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সেতু কর্তৃপক্ষ ও রক্ষণাবেক্ষণ দল কাজ করছে বলেও জানান তিনি।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, মহাসড়কের টাঙ্গাইল অংশে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি গাড়ি রয়েছে। বৃষ্টির কারণে চালকেরা ধীরগতিতে গাড়ি চালাচ্ছেন, যা যানজট বাড়িয়েছে। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করতে পর্যাপ্ত পুলিশ সদস্য মাঠে কাজ করছেন।

আরো..