https://www.a1news24.com
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৫

মগবাজারে আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু, তদন্ত চলছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারে আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে হাসপাতালের দ্বিতীয় তলায় পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে এ ঘটনা ঘটে।এসির গ্যাসলাইনে লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। রমনা থানার পুলিশ বলছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্বরত অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান বলেন, তিনি ছয়টি শিশু মারা যাওয়ার খবর পেয়েছেন। তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ আমরা হাসপাতালে এসেছি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। দ্রুতই বিস্তারিত তথ্য আপনাদের জানাতে পারব। এতটুকু জেনেছি, আজ সকাল ৬টা থেকে ৯টার মধ্যে বাচ্চাগুলো মারা গেছে।’

আদ্–দ্বীন হাসপাতালের পরিচালক অধ্যাপক নাহিদা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, হাসপাতালের যে ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে, সেই ওয়ার্ডে ১১ জন মা ছিলেন। আর নবজাতক ছিল ৬টি।

হাসপাতালটির পরিচালক বলেন, ‘ওয়ার্ডটি পোস্টডেলিভারি ওয়ার্ড। আমাদের এখানে ডেলিভারির পর সব সময় মায়েদের সঙ্গে বাচ্চারা ও আরেকজন করে থাকে। বাচ্চারাও মায়ের পাশে ছিল। যেহেতু এটা এসি ওয়ার্ড, মায়েরা হঠাৎ রাতে কর্তব্যরত নার্সদের এসি বন্ধ করতে বলছিল ঠান্ডা লাগার জন্য। হঠাৎ দিবাগত রাত তিনটার দিকে দুটি বাচ্চা অসুস্থ হওয়ার পর এনআইসিইউতে নেওয়া হয়েছিল। চিকিৎসকেরা দেখেছিল, বাচ্চা ভালো আছে। তাদের আবার ওয়ার্ডে নিয়ে যেতে বলেছিল।’

নাহিদা ইয়াসমিন আরও বলেন, সকাল ছয়টার দিকে হঠাৎ মায়েরা বলেন, শিশুদের অসুস্থ মনে হচ্ছে। তখন ছয়টি শিশুকেই এনআইসিইউতে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে দুটি শিশু নিয়ে যাওয়ার সময়ই মারা গিয়েছে। আর চারটি শিশুর অবস্থা খুবই গুরুতর ছিল। তাদের ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছিল। তাদের বাঁচানোর চেষ্টা করা হয়েছিল; কিন্তু বাঁচানো যায়নি।

আরো..