কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ সারাদেশে মহামারি আকারে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিলেও রংপুরের কাউনিয়ায় এই প্রথম আবু তালহা আব্দুল লতিফ (৩) নামের এক শিশু হামে আক্রান্ত হয়ে সোমবার কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। শিশুটিকে হাসপাতালে ভর্তি করার পরপরই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে আতঙ্কে হাসপাতালের পুরুষ ওয়ার্ড প্রায় রোগীশূন্য হয়ে পড়ে।
জানা গেছে, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় সাধারণ রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, একজন হাম আক্রান্ত ব্যক্তি থেকে প্রায় ১৮ জন সুস্থ মানুষ সংক্রমিত হতে পারে। এছাড়া শরীরে র্যাশ ওঠার আগেই রোগটি ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এ কারণেই রোগীরা ওয়ার্ড ছেড়ে অন্যত্র সরে যান বলে ধারণা করা হচ্ছে। হামে আক্রান্ত শিশু আবু তালহা আব্দুল লতিফ উপজেলার টেপামধুপুর ইউনিয়নের নিলাম খরিদা সদরা গ্রামের বাসিন্দা।
কর্তব্যরত চিকিৎসক ডাঃ কবিরুল হাসান জানান, হাম আক্রান্ত শিশুদের তীব্র কাশি, সর্দি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, শরীরজুড়ে লালচে র্যাশসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া, অন্ধত্ব এমনকি মস্তিষ্কের ক্ষতির ঝুঁকিও থাকে। এ ধরনের রোগীদের আলাদা আইসোলেশন বিভাগে রেখে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবীব বলেন, “হাম একটি সংক্রামক ব্যাধি হওয়ায় অন্যান্য রোগীরা আতঙ্কিত হয়ে পুরুষ ওয়ার্ড ছেড়ে অন্য ওয়ার্ডেও খালি বেডে চলে গেছেন। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা আইসোলেশন কক্ষ না থাকায় সোমবার সন্ধ্যায় আক্রান্ত শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।”