https://www.a1news24.com
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৩

বাগেরহাটে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ বাজেট বরাদ্দের দাবি

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে নাগরিক ফোরামের স্মারকলিপি

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি:বাগেরহাটের রামপালে দলিত, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরাম।

সোমবার (১৮ মে) রামপাল সদর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিনের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।

রামপালের শ্রীফলতলায় ‘আমাদের গ্রাম’-এর সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নাগরিক ফোরামের সহ-সভাপতি ছবি রাণী মণ্ডল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এম এ সবুর রানা, সাধারণ সম্পাদক এঞ্জেল মৃধা, ইউপি প্রশাসনিক কর্মকর্তা সুশীল চন্দ্র দাসসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রামপাল একটি জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির সংকট, ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দলিত, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী।

এ অবস্থায় তাদের জন্য স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, সুপেয় পানির ব্যবস্থা, পরিবেশ সুরক্ষা ও টেকসই জীবিকা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে অগ্রাধিকারভিত্তিতে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের প্রান্তিক মানুষরা প্রতিনিয়ত নানা সংকটের মধ্য দিয়ে জীবনযাপন করছেন। অথচ স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও বাজেটে তাদের চাহিদা অনেক সময় উপেক্ষিত থেকে যায়। তাই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের বাজেটে বিশেষ বরাদ্দ অত্যন্ত জরুরি।

ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন বলেন, “স্মারকলিপিতে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো..