দর্শক ও অংশগ্রহণকারীর স্বল্প উপস্থিতিতে শুরু হয়েছে জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা। রোববার (১৭ মে) ট্র্যাকে গড়ানো এই আসরে ছিল না প্রত্যাশিত উৎসবমুখর পরিবেশ। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা হলেও আয়োজনের পরিসর ও অংশগ্রহণ নিয়ে অসন্তোষ জানান তিনি। দেশের বিভিন্ন জেলা, শিক্ষা প্রতিষ্ঠান ও বাহিনীগুলোর প্রতিনিধিত্ব প্রত্যাশিত মাত্রায় না থাকায় আয়োজকদের সমালোচনাও করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, জাতীয় প্রতিযোগিতায় সারা দেশ থেকে ক্রীড়াবিদ ও দর্শকদের অংশগ্রহণ থাকার কথা ছিল। কিন্তু বাস্তবে সেই পরিবেশ দেখা যায়নি, যা তাকে হতাশ করেছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে জাতীয় অ্যাথলেটিকসকে সত্যিকারের উৎসবমুখর আয়োজন হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হতে হবে। তিনি চান, আগামী দিনে দর্শকপূর্ণ স্টেডিয়ামে প্রাণবন্ত পরিবেশে এমন প্রতিযোগিতার উদ্বোধন হোক।
এদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন বিদেশি কোচ নিয়োগ নিয়েও কথা বলেন আমিনুল হক। তিনি জানান, শর্টলিস্টে থাকা কয়েকজন কোচের মধ্যে কোলম্যানকে নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সরকারের কাছে সহযোগিতা চেয়েছে এবং সরকারও সেই বিষয়ে সম্মতি দিয়েছে।
তিনি আরও বলেন, কোলম্যান ছাড়াও রবার্ট ব্র্যাডস্টকের নাম আলোচনায় রয়েছে। তবে যাকে নিয়োগ দেওয়ার বিষয়ে মানসিকভাবে এগোনো হয়েছে, তার মধ্যে কোলম্যানই সবচেয়ে এগিয়ে আছেন।