https://www.a1news24.com
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৯

আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ায় ইরানে আবারও হামলার কথা ভাবছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনা কার্যত স্থবির হয়ে পড়ায় দেশটির বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেয়ার বিষয়ে জোরালোভাবে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (১২ মে) প্রকাশিত ওই প্রতিবেদনে একাধিক সূত্র জানিয়েছে, গত কয়েক সপ্তাহের তুলনায় বর্তমানে ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য হামলার বিষয়ে অনেক বেশি কঠোর অবস্থানে রয়েছেন। বিশেষ করে আলোচনায় অগ্রগতি না হওয়ায় তিনি ক্রমেই অসন্তুষ্ট হয়ে উঠছেন।

সূত্রগুলোর দাবি, ইরানের আলোচনার ধরনে হতাশ মার্কিন প্রশাসন। পাশাপাশি হরমুজ প্রণালিকে কেন্দ্র করে তৈরি পরিস্থিতিও ওয়াশিংটনের উদ্বেগ বাড়িয়েছে। ট্রাম্পের ধারণা, ইরানের শীর্ষ নেতৃত্বের ‘অভ্যন্তরীণ বিভক্তির’ কারণে দেশটি পারমাণবিক ইস্যুতে সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে পারছে না।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, যুদ্ধ বন্ধে দেয়া প্রস্তাবের জবাবে তেহরানের প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন সন্দেহ তৈরি করেছে। তাদের প্রশ্ন, ইরান আদৌ কূটনৈতিক সমাধানে আগ্রহী কি না।

এদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের একাংশ মনে করছে, নতুন করে সামরিক চাপ সৃষ্টি করলে ইরান আরও দুর্বল হবে এবং শেষ পর্যন্ত আলোচনার টেবিলে ফিরতে বাধ্য হবে। তবে প্রশাসনের অন্য একটি অংশ এখনও কূটনৈতিক প্রচেষ্টাকে আরও সময় দেয়ার পক্ষে অবস্থান নিয়েছে।

সূত্র আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের আশঙ্কা, ট্রাম্পের অসন্তোষের বিষয়টি ইসলামাবাদ যথাযথভাবে তেহরানের কাছে তুলে ধরছে না।

তাছাড়া ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে যে ইতিবাচক বার্তা দেয়, কেবল সেগুলোই মার্কিন কর্মকর্তাদের কাছে পৌঁছানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। ফলে বাস্তব পরিস্থিতির সঙ্গে কূটনৈতিক বার্তার মিল পাওয়া যাচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান ও কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশ ইতোমধ্যে ইরানকে সতর্ক করেছে যে, চলমান আলোচনা কূটনীতির শেষ সুযোগ হতে পারে। তবে তেহরান এ বিষয়ে খুব একটা গুরুত্ব দিচ্ছে না বলেও দাবি করা হয়েছে।

আরো..