https://www.a1news24.com
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৯

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত

ভারত–মিয়ানমার সীমান্ত অঞ্চলে মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ সময় ভোর ৬টা ২৯ মিনিটে সংঘটিত এই ভূমিকম্পে ঘুমন্ত অবস্থায় থাকা অনেক মানুষ হঠাৎ কম্পন টের পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন।

আর্থকোয়াক ট্র্যাকের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.১। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকা, যা ভারতের মণিপুর সীমান্তের কাছাকাছি অবস্থিত।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৬৬ কিলোমিটার, যা তুলনামূলকভাবে মাঝারি গভীরতা হিসেবে বিবেচিত হয়। সাধারণত ভূমিকম্প যত গভীরে হয়, ভূপৃষ্ঠে তার প্রভাব তত কম অনুভূত হয়। ফলে এই ঘটনায় বাংলাদেশে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে কয়েক সেকেন্ডের জন্য মৃদু কম্পন টের পাওয়া গেছে।

ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ সরাসরি বড় কোনো চ্যুতিরেখার ওপর না থাকলেও এর আশপাশের মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারতের টেকটনিক প্লেটগুলো সক্রিয় থাকায় মাঝেমধ্যেই ভূমিকম্পের প্রভাব এখানে অনুভূত হয়। আজকের ঘটনাটিও সেই ভূ-প্রাকৃতিক সক্রিয়তার অংশ বলে ধারণা করা হচ্ছে।

আরো..