https://www.a1news24.com
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৬

নারায়ণগঞ্জ- ৩ আস‌নে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা ও হুমকির অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতি‌নি‌ধি: সোনারগাঁয়ে নির্বাচনি মাঠের উত্তাপ চরমে পৌঁছেছে। এবার নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের সমর্থকদের পথরোধ, হুমকি এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের এক সমর্থকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁ পৌরসভার ৯নং ওয়ার্ডের ভট্টপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের ‘ফুটবল’ প্রতীকের পক্ষে একদল কর্মী ভট্টপুর গ্রামে নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন। অভিযোগ উঠেছে, ওই সময় বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সমর্থক ও স্থানীয় শ্রমিক দল নেতা মোশারফ হোসেন তাঁদের ওপর চড়াও হন। প্রচারণায় অংশ নেওয়া নারী ও পুরুষ কর্মীদের সঙ্গে তিনি অশোভন আচরণ করেন এবং ধাক্কাধাক্কি করে এলাকা ছেড়ে যেতে বাধ্য করেন। এক পর্যায়ে এক কর্মীর ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পাশের পানিতে ফেলে দেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি চলাকালীন প্রচারণায় অংশ নেওয়া কর্মীদের ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে গিয়াসউদ্দিনের সমর্থকদের সঙ্গে মারমুখী আচরণ ও গালিগালাজ করার দৃশ্য দেখা যায়। এই ঘটনার পর ভুক্তভোগী মো. ইব্রাহিম, অন্তরা কর্মকার ও ইমরান খানসহ অন্য কর্মীরা বিষয়টি প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনকে জানান। তাঁর পরামর্শে তারা উপজেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, মোশারফ হোসেনের বাধার কারণে ফুটবল মার্কার প্রচারণা পণ্ড হয়ে যায়। এমনকি কর্মীদের জীবনের নিরাপত্তা নিয়েও তারা শঙ্কিত বলে জানানো হয়। সংগৃহীত ভিডিও ফুটেজটি তদন্তের স্বার্থে প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরো..