https://www.a1news24.com
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৬

জামাত আমিরের কুড়িগ্রাম সফর উপলক্ষে মতবিনিময়

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সহ ১১ দলীয় জোট নেতাদের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা শহরের চামড়ার গোলা এলাকায় জেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় জেলা জামায়াতে ইসলামীর আমির মো. আজিজুর রহমান বলেন, কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনের পক্ষে আগামী ৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে একটি বৃহৎ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জেলা জামাত আমীর আরও জানান, জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

এছাড়াও কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনের ১১ দলীয় জোটের প্রার্থীরাও জনসভায় অংশ নিবেন।

জেলা জামায়াতের আমির আশা প্রকাশ করেন, এ জনসভায় চারটি সংসদীয় আসন থেকে প্রায় ৪ থেকে সাড়ে ৪ লাখ নারী-পুরুষের সমাগম ঘটবে।

মতবিনিময় সভায় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নিজাম উদ্দিন, এনসিপির জেলা আহ্বায়ক মো. মুকুল মিয়া, খেলাফত মজলিস রংপুর অঞ্চলের সহকারী পরিচালক সবেবর মিয়াসহ জামায়াত ও জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

আরো..