অনলাইন ডেস্ক: দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।আজ রোববার সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করেছে।
এর আগে, গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে এই নিয়োগ দেন। শপথ গ্রহণের দিন থেকেই তার এই নিয়োগ কার্যকর হবে।
এদিকে, বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গতকাল শনিবার অবসরে গেছেন। এদিন তার চাকরির মেয়াদ ৬৭ বছর পূর্ণ হয়।
শপথ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের উর্ধ্বতন বিচারকরা উপস্থিত ছিলেন।প্রধান বিচারপতির শপথ গ্রহণের মাধ্যমে দেশের সর্বোচ্চ আদালতের নেতৃত্বকে সংহত করা হলো এবং বিচার ব্যবস্থার ধারাবাহিকতা নিশ্চিত হলো।