গাজীপুর মহানগরীতে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের মধ্যে পুলিশের একটি জিপে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা। বুধবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. রাজীব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে পুড়ে যাওয়া জিপটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। এ ছাড়া ভোগড়া বাইপাস, বাসন সড়ক, কলম্বিয়া ও মালেকের বাড়ি এলাকাতেও সড়কে অবস্থান নেন তাঁরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
শিল্প পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুর উপজেলার কয়েকটি এলাকায় বিক্ষোভ করেন তাঁরা।
শ্রমিক অসন্তোষের কারণে বুধবার মহানগরীর ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা। তাঁরা শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।
এদিকে মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকেরাও বিক্ষোভ করেছেন। তবে তাঁরা মহাসড়কে অবস্থান নেননি।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। শ্রমিক অসন্তোষের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া মঙ্গলবারের তথ্য অনুযায়ী, ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।