নিজস্ব প্রতিনিধি : ঝিনাইদহে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দিনব্যাপী ঝিনাইদহ জেলা পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (ডিডিএলজি) রথীন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্দেশনামূলক আলোচনা করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল আওয়াল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সিইও সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) খালিদ হোসেন সিদ্দিকী ও এভিসিবি-৩ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি গ্রাম আদালত সক্রিয়করণ ও কার্যকারিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ইউনিয়নের ৬৭ জন চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট রিসোর্স টিমের সদস্যবৃন্দ, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার, উপজেলা কো-অর্ডিনেটর, পিএফএসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা করে (মামলা গ্রহণ ও নিষ্পত্তি)তে শীর্ষ তিন শ্যামকুড়, ত্রিলোচনপুর, নেপা ইউনিয়ন ইউনিয়নকে সম্মাননা প্রদান করা হয়।
কর্মশালায় গ্রাম আদালত প্রকল্পের বার্ষিক অগ্রগতি বিষয়ে বিস্তারিত ও উন্মুক্ত আলোচনা এবং আগামীতে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করার জন্য সুপারিশ ও করণীয় নির্ধারণ করেন।
প্রসংগত; গত এক বছরে (জুলাই ২০২৪ – জুন ২০২৫) প্রতিবেদন অনুযায়ী ঝিনাইদহ জেলায় গ্রাম আদালতে ১,৯৩৭টি মামলা গ্রহণ করা হয়। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ১,৮৬৮টি মামলার এবং সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে ১,২১৮টি মামলায়। এছাড়া ক্ষতিপূরণ আদায় হয়েছে মোট ১ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ৫৬০ টাকা।