অনলাইন ডেস্ক: আইনের শাসন বজায় রাখতে ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে দেশের নাগরিকদের প্রতি আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (২২ জুন) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এমন আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রোববার (২২ জুন) সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার করে পুলিশ। এ সময় ‘মব’ সৃষ্ট করে বিশৃঙ্খল পরিস্থিতি ও অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সরকারের নজরে এসেছে। তাই দেশের সব নাগরিকের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে না নেয়ার অনুরোধ জানাচ্ছে সরকার।
এতে বলা হয়, অভিযুক্ত সব ব্যক্তির বিচার দেশের আইন মেনে হবে এবং বিচারাধীন বিষয় ও ব্যক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত দেবেন।