https://www.a1news24.com
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৭

কুমিল্লায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ও সমমনা দলগুলোর ঐক্যবদ্ধভাবে ব্যালট বিপ্লব ঘটিয়ে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম। তিনি বলেণ, বিগত ৫৩ বছরে যারা ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদেরকে আগামী নির্বাচনে বয়কট করে ইসলামপন্থিদের বিজয়ে করে ইসলামের সৌন্দর্য জাতির সামনে তুলে ধরতে হবে। ক্ষমতায় গিয়ে সংস্কার জনগণ বিশ্বাস করে না। ইতিপূর্বে অনেক দলীয় সরকারই ক্ষমতায় ছিল। কিন্তু কেউই সংস্কারের ক্ষেত্রে গুরুত্ব দেয়নি। তিনি বলেন, অন্তর্র্বতীকালীন সরকার এমন একটি ভিত্তি দাঁড় করাবে, যার ওপরে ভিত্তি করে পরবর্তীতে নির্বাচিত সরকার সংবিধান, নির্বাচন, বিচার বিভাগসহ অন্য গুরুত্বপূর্ণ দিকগুলো সংস্কার করবে। তবে কোনো ভিত্তি দাঁড় না করিয়ে আগে নির্বাচন পরে সংস্কার এটা অযৌক্তিক। তিনি আরো বলেন, আমরা অভূতপূর্ব ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের বিলুপ্ত করেছি। পরবর্তীতে আমরা কী দেখলাম সংস্কার ও নির্বাচন নিয়ে ঐক্য দুটি ভাগ হয়ে গেছে। যার কারণেই আজকে আলোচনা করতে হচ্ছে। ফ্যাসিবাদে জায়গাগুলো দখল করে দখলদারিত্ব করছে অন্য একটি দল। যা সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন বড় একটি দল। বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়েও আলেমদের সাথে খারাপ আচরণ করতে দেখা যায়, যা কোনভাবেই কাম্য নয়।

শনিবার সকালে দেবিদ্বার উপজেলা অডিটরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) শেখ মুহাম্মদ জয়নুল আবেদীন, কুমিল্লা উত্তর জেলা মুজাহিদ কমিটির সদর মাওলানা মোহাম্মদ তৈয়্যব। জেলা আহ্বায়ক এমএম বিলাল হোসাইনের সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা রাশেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা মো. ইমরান হোসাইন, মুফতি আবুল কালাম কাসেমী, মুহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল করীম, মাস্টার মফিজুল ইসলাম, মুফতি দেলাওয়ার আমীন।

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব বলেন, আমাদের দেশে ইতিপূর্বে অনেক জনপ্রিয় নেতৃত্ব তৈরি হয়েছিল। তবে জনপ্রিয়তা স্থায়ী হয়নি। কারণ জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন করা না হলে জনপ্রিয়তা স্থায়ী হয় না। জনগণ ক্ষুধার্ত থাকলে কোনো সরকারই সমর্থন পাবে না। আগামীতে যারা ক্ষমতায় যাবেন, তাদের অবস্থাও আমরা ভালো কিছু দেখছি না। চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে দলে দলে মারামারি হচ্ছে। দেখা গেছে, এসব করতে গিয়ে নিজ দলের কর্মী তার অপর কর্মীকে হত্যা করছে। এদের কাছে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত নয়। তিনি বলেন, আদর্শিক ও নৈতিক জ্ঞানে দেশের মানুষরা তৈরি না হলে আমাদের দেশের সংকটগুলো কাটবে না। এগুলোর বাস্তবায়ন করা না হলে সংবিধান পরিবর্তন করেও কোনো সুফল আসবে না।
তিনি বলেন, জননিরাপত্তা হুমকির মুখে। চুরি-ডাকাতি, চাঁদাবাজি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আইন-শৃঙ্খলার অবনতি জনজীবনকে বিষিয়ে তুলেছে। এগুলোকে কঠোরহস্তে নিয়ন্ত্রণ করা জরুরি। অপরদিকে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় কার্যকরি উদ্যোগ গ্রহণ এবং নিত্যপণ্যের বাজার সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ব্যর্থ হলে বর্তমান সরকারকে কঠিন পরিস্থিতির মধ্যে পরতে হবে।

সম্মেলনশেষে জিএম সাইফুল ইসলামকে সভাপতি হাফেজ মাওলানা রাশেদুল ইসলামীকে সেক্রেটারি করে কুমিল্লা উত্তর জেলা ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। পরে তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়।

আরো..