তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় সামরিক বিমানের স্যালুটের মাধ্যমেও তাকে অভিবাদন জানানো হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার বিকেলে শি-কে বহনকারী বিমান অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে অবতরণ করে।এ সময় সংক্ষিপ্ত কিন্তু জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা অনুষ্ঠানে শি-কে সংবর্ধনা জানান ট্রাম্প। পরে দুজনই ওয়াশিংটন ডিসির উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেন।
শির এই সফরকে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। হোয়াইট হাউসের প্রতিবেদকরা বলছেন, অভ্যর্থনার আয়োজন থেকে সফরটিকে ট্রাম্প প্রশাসন যে বিশেষ গুরুত্ব দিচ্ছে, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্যিক যুদ্ধবিরতির মেয়াদ আগামী জানুয়ারি পর্যন্ত বাড়ানো হবে। এর আগে এই সমঝোতার মেয়াদ নভেম্বরে শেষ হওয়ার কথা ছিল।
সফর চলাকালে ট্রাম্প ও শির আলোচনায় শুল্কনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইরান যুদ্ধ এবং তাইওয়ানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। ফলে শির এই সফরে দুই দেশের সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কী ধরনের সমঝোতা হয়, সেদিকে নজর রয়েছে।
সফরসূচিতে দুই নেতার আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন আনুষ্ঠানিকতা এবং রাষ্ট্রীয় নৈশভোজও রয়েছে। তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।