https://www.a1news24.com
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৬

৩০০ অপেশাদার শিল্পীর অংশগ্রহণে ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’

বিনোদন প্রতিবেদক: বর্ষাকে নাচের ছন্দে উদযাপন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’। তিন শতাধিক অপেশাদার নৃত্যশিল্পীর অংশগ্রহণে আগামী শুক্রবার বেলা ১১টায় শুরু হবে এই আয়োজন।

অর্থী আহমেদ ড্যান্স একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যৌথ প্রযোজনায় খোলা আকাশের নিচে আয়োজিত এই বিশেষ পরিবেশনায় অংশ নেবেন ৩ থেকে ৭০ বছর বয়সী তিন শতাধিক শিল্পী।

এক ভিডিও বার্তায় অনুষ্ঠানের পরিচালক অর্থী আহমেদ বলেন, “ঘনঘটা শুধু একটি নৃত্য প্রযোজনা নয়, বরং এটি নতুন করে শুরু করার উৎসব; যেখানে বয়স কোনো বাধা নয়, আর মনের ভেতরে চেপে রাখা স্বপ্নকে ডানা মেলতে দেওয়া হয়।”

আয়োজকরা জানান, এবারের উৎসবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, গবেষক, সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মী ও গৃহিণীসহ বিভিন্ন পেশার মানুষ নৃত্যশিল্পী হিসেবে অংশ নিচ্ছেন।গত বছর একই স্থানে ১১০ জন শিল্পীকে নিয়ে ‘ঘনঘটা’র প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল। এবার আরও বড় পরিসরে আয়োজন করা হচ্ছে দ্বিতীয় আসর।

সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে দর্শকদের সাদা, নীল বা সবুজ রঙের শাড়ি কিংবা পাঞ্জাবি পরে আসার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা। পাশাপাশি খোলা আকাশের নিচে আয়োজিত এ অনুষ্ঠানে ছাতা ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের ভাষ্য, বৃষ্টির গান, নাচ ও কবিতার সঙ্গে প্রকৃতির আবহে একসঙ্গে অংশ নেওয়ার অভিজ্ঞতা তৈরি করতেই এমন আয়োজন।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক বন্যাদুর্গত মানুষের জন্য সহায়তা সংগ্রহের উদ্যোগও রাখা হয়েছে। এ জন্য অনুষ্ঠানস্থলে ‘জাগো ফাউন্ডেশন’-এর একটি ডোনেশন বুথ থাকবে, যেখানে দর্শনার্থীরা সরাসরি অনুদান দিতে পারবেন।

আরো..