১প্রেস বিজ্ঞপ্তি-দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি ভালোবাসা বৃদ্ধি এবং বুলগেরিয়ার সোফিয়ায় অনুষ্ঠেয় ২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও ২০২৬)-এর বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে আয়োজিত ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৬)-এর অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশন করা যাবে online.bdjso.org এই ওয়েবসাইট থেকে। বাংলাদেশের যেকোনো অঞ্চলের স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা এতে রেজিস্ট্রেশন করতে পারবে, এবং বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও ইংরেজি ভার্সন—সব মাধ্যমের শিক্ষার্থীরাই অংশ নিতে পারবে। ইন্টারনেট-সংযুক্ত যেকোনো ডিজিটাল ডিভাইস, যেমন স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব বা ডেস্কটপ কম্পিউটার থেকেই রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। এছাড়া যারা বিগতবছরে অনলাইনে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করেছিল, তারা পুরোনো অ্যাকাউন্টে লগইন করে তথ্য হালনাগাদ করেও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে। রেজিস্ট্রেশনের নির্দিষ্ট সময়সীমা এবং আঞ্চলিক ও জাতীয় পর্বের তারিখ ও স্থান চূড়ান্ত হলে তা bdjso.org ওয়েবসাইটের ঘোষণা অংশে এবং নিবন্ধনকৃত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস বা ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বাংলাদেশের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী যাদের জন্ম নিবন্ধন ১ জানুয়ারি ২০১১ এর পরে তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে পারবে। ২০২৬ সালে শিক্ষার্থী যে শ্রেণিতে অধ্যয়নরত থাকবে, সে অনুযায়ীই তার ক্যাটাগরি নির্ধারিত হবে। বরাবরের মতো এবছরও অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হবে তিনটি ক্যাটাগরিতে—প্রাইমারি (৩য়-৫ম শ্রেণি বা সমমান), জুনিয়র (৬ষ্ঠ-৮ম শ্রেণি বা সমমান) এবং সেকেন্ডারি (৯ম-১০ম শ্রেণি, এসএসসি পরীক্ষার্থী এবং একাদশ শ্রেণি বা সমমান)। বাংলা ও ইংরেজি উভয় মাধ্যম এবং মাদ্রাসাসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এই নিয়ম প্রযোজ্য, তবে একজন শিক্ষার্থী কেবল তার নিজ ক্যাটাগরিতেই অংশ নিতে পারবে। অলিম্পিয়াডটি সাধারণত দুটি ধাপে অনুষ্ঠিত হয়—সারাদেশের আঞ্চলিক/অনলাইন পর্ব এবং ঢাকায় জাতীয় পর্ব। প্রতিটি ক্যাটাগরিতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান মিলিয়ে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রশ্ন করা হবে; আঞ্চলিক পর্বে সাধারণত ১২ থেকে ২০টি সংক্ষিপ্ত ও বিশ্লেষণধর্মী প্রশ্ন থাকে এবং সময় থাকে এক থেকে দেড় ঘণ্টা, আর জাতীয় পর্বে আইজেএসও-র আদলে সংক্ষিপ্ত প্রশ্নের পাশাপাশি উদ্দীপকসহ বিশ্লেষণধর্মী প্রশ্নও থাকে।
আঞ্চলিক/অনলাইন পর্ব ও জাতীয় পর্ব শেষে জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে বিডিজেএসও-র জাতীয় ক্যাম্প। সেখান থেকে প্রথম বাছাই, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ এবং সবশেষে আন্তর্জাতিক দল নির্বাচনী পরীক্ষার মধ্য দিয়ে গঠিত হবে সোফিয়ায় অনুষ্ঠেয় ২৩তম আইজেএসও-এর বাংলাদেশ দল। ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, আচরণ, মানসিক সক্ষমতা ও সার্বিক বিষয় বিবেচনা করেই চূড়ান্ত দল গঠন করা হয়।
প্রথম ধাপের প্রস্তুতির জন্য নিজ নিজ শ্রেণির বিজ্ঞান বই ভালোভাবে বুঝে পড়াই যথেষ্ট, কারণ মুখস্থবিদ্যা দিয়ে বিডিজেএসও-তে ভালো করা যায় না; যারা তুলনামূলক উপরের শ্রেণির, তাদের জন্য পাঠ্যবইয়ের বাইরেও কিছু বই সহায়ক হতে পারে, যেমন পদার্থবিজ্ঞানের জন্য মুহম্মদ জাফর ইকবালের পদার্থবিজ্ঞানের প্রথম পাঠ এবং Young ও Freedman-এর University Physics with Modern Physics; রসায়নের জন্য Ebbing–Gammon-এর General Chemistry এবং Raymond Chang-এর Chemistry; আর জীববিজ্ঞানের জন্য গাজী আজমলের উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান, আবুল হাসানের উচ্চ মাধ্যমিক উদ্ভিদবিজ্ঞান এবং Reece, Urry ও Cain-এর Campbell Biology। ধাপে ধাপে প্রস্তুতির সম্পূর্ণ নির্দেশনা পাওয়া যাবে bdjso.org/whatwhare পাতায় এবং সম্পূর্ণ ও হালনাগাদ বইয়ের তালিকা পাওয়া যাবে bdjso.org/booklist পাতায়।
প্রস্তুতির অগ্রগতি যাচাই করতে বিগত বছরগুলোর আঞ্চলিক ও জাতীয় পর্বের প্রশ্ন ডাউনলোড করে অনুশীলন করা যাবে bdjso.org/old-question এই পাতা থেকে, আর আন্তর্জাতিক পর্যায়ের প্রশ্ন ও সমাধানের জন্য দেখা যেতে পারে ijsoweb.org/downloads। এছাড়া “জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড: সমস্যা ও সমাধান সংকেত” বইতে বিডিজেএসও-র প্রশ্নের পাশাপাশি সমাধান সংকেতও পাওয়া যাবে; তবে কোনো প্রশ্ন প্রথমবার চেষ্টায় সমাধান করতে না পারলেই সঙ্গে সঙ্গে সমাধান দেখে ফেলা ঠিক নয়, কারণ বারবার নিজে চেষ্টা করাই প্রকৃত প্রস্তুতি।
বিডিজেএসও যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)। সহযোগী হিসেবে রয়েছে মাকসুদুল আলম সায়েন্স ল্যাবরেটরি এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা। অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.bdjso.org এই ওয়েবসাইটে। যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে info@bdjso.org এই ইমেইলে অথবা +৮৮০১৭৩০-৭১৬৫২২ এই নম্বরে।