https://www.a1news24.com
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৪

হাম ও উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু

সারাদেশে একদিনে (গত ২৪ ঘণ্টায়) হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জন শিশু মারা গেছে। এছাড়া রোগটি নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬১৫ জন শিশু। বুধবার (১৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ময়মনসিংহ বিভাগে ২ জন ছাড়াও ঢাকা ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত একদিনে হামে আক্রান্ত হয়ে বরিশালে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৪৩২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ৪৮৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ৫৩ হাজার ৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৭ হাজার ১৫০ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩৮ হাজার ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৩ হাজার ৮৩২ জন ছাড়পত্র পেয়েছেন।

আরো..