হাতিয়ায় ভিজিএফের চাল না পাওয়ায় মানববন্ধন
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল থেকে বঞ্চিত করার অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিচার দাবি করেন।
বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জোড়খালি উত্তর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, ঈদ উপলক্ষে তাদের জন্য চাল বরাদ্দের কথা জানানো হলেও তারা তা পাননি। স্থানীয় চকিদার তাদের বাড়ি বাড়ি বাড়ি কার্ড পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে তারা কোনো চাল পাননি বলে অভিযোগ করেন। তাদের দাবি, সংশ্লিষ্ট চেয়ারম্যান, মেম্বার ও দায়িত্বপ্রাপ্তরা চাল নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিয়েছেন।
তারা আরও বলেন, নদীভাঙনের কারণে তারা অসহায়ভাবে রাস্তার পাশে বসবাস করছেন। একাধিকবার ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেওয়া হলেও কখনো কোনো সরকারি অনুদান সহায়তা পাননি।
এ বিষয়ে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহের উদ্দিন বলেন, “তমরদ্দি ইউনিয়নের বরাদ্দকৃত কিছু কার্ড রাজনৈতিকভাবে বণ্টন করা হয়েছে, যার ফলে অনেক প্রকৃত অসহায় মানুষ চাল থেকে বঞ্চিত হয়েছেন।”
তবে অভিযোগ অস্বীকার করে তমরদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ উদ্দিন বলেন, “এই ইউনিয়নের জন্য ৭ হাজার ৫০০টি কার্ড বরাদ্দ এসেছে এবং সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। চাল না পাওয়ার কোনো অভিযোগ আমার কাছে আসেনি।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।