https://www.a1news24.com
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৩

হাতিয়ায় বিএনপির দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

ফজলুল আজিমকে প্রার্থী করার দাবিতে মশাল মিছিল সড়ক অবরোধ

মো. ইফতেখার হোসেন, হাতিয়া নোয়াখালী: নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত মাহবুবের রহমান শামীমের প্রার্থীতা বাতিল করে সাবেক এমপি ফজলুল আজিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিলে উভয় প্রাথীর সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। এ সময় রকেট ফ্লেয়ার ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ফজলুল আজিমের সমর্থকরা একটি মশাল মিছিল বের করে। মিছিলটি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের বাস ভবন থেকে বের হয়ে ওছখালী জিরো পয়েন্টে পৌঁছলে প্রতিপক্ষের সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করে ধাওয়া দেয়। এতে মশাল মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে আজিম সমর্থকরা সংগঠিত হয়ে জিরো পয়েন্টে একত্রিত হয়ে পাল্টা ধাওয়া করে। এ সময় তারা টায়ার জ¦ালিয়ে রাস্তা অবরোধ করে রাখে। প্রায় দুই ঘন্টা প্রধান সড়কের যান চলাচল ও সকল দোকান পাঠ বন্ধ হয়ে যায়। পরে ফজলুল আজিম সমর্থকরা ব্যানার নিয়ে বহিরাগত প্রার্থী শামীমের মনোনয়ন বাতিলের দাবিতে সমাবেশ করে।

এতে বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খোন্দকার আবুল কালাম, এ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোসলেহ উদ্দিন নিজাম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজি আবদুর রহিম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, সাবেক ছাত্রদলের আহবায়ক আমির হোসেন।

শান্তিপূর্ণ মশাল মিছিলে হামলার ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহ হিল মজিদ নিশান বলেন, আমরা দুপুর থেকে শামীম ভাইয়ের পক্ষে গণসংযোগ করেছি। সন্ধ্যায় আমাদের লোকজন ওছখালী জিরো পয়েন্টে আসলে ফজলুল আজিমের সমর্থকরা উসকানিমূলক স্লোগান দেয়। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা ইটপাটকেল নিক্ষেপ হয়। কিছুক্ষণ পর আমাদের লোকজন চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো বলেন, মাহবুবের রহমান শামীমের মনোনয়ন বাতিলের দাবিতে আমাদের পূর্ব নির্ধারিত একটি মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ ছিল। মিছিলটি উপজেলা জিরো পয়েন্টে পৌঁছলে শামীমের লোকজন তাতে হামলা চালায়। এতে আমাদের অনেক নেতা কর্মী আহত হয়েছে। পরে পূনরায় একত্রিত হয়ে মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে।

আরো..