https://www.a1news24.com
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৭

হাতিয়ায় এনসিপি নেতার দোকানঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতাঃ নোয়াখালীর হাতিয়ায় পরিকল্পিতভাবে এনসিপির এক নেতার দুইটি দোকানঘর আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। আগুনে দোকানের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) ভোর রাত ৩ টায় হাতিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড মানিক মার্কেটে এ আগুনের ঘটনা ঘটে।

দোকান ঘরের মালিক মোছলেহ উদ্দিন মিলাদ বলেন, আমি হাতিয়া উপজেলা যুবশক্তির যুগ্ম আহবায়ক। সংসদ নির্বাচনে এনসিপি প্রার্থীর পক্ষে কাজ করায় এলাকার বিএনপির নেতা কর্মীরা হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় এলাকায় আমার ভাড়াটিয়া দোকানী সহ চা পান করে উপজেলার ওছখালী শহরে আসার পথে বিএনপির নেতারা হামলা করে। এ সময় তারা আমাকে মোটরসাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। দৌড়ে আত্মরক্ষা করতে পারলেও তারা আমার মোটর সাইকেলটি পুড়িয়ে দেয়। থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় আমি পুলিশের সাথে দোকানে সামনে আসলে তারা পুলিশের সামনে পুনরায় মারমুখী হয়ে আমাকে আঘাত করে। পুলিশ এসময় বিএনপির নুরুল ইসলাম হক সাব নামের একজনকে আটক করে থানায় নিয়ে আসলেও ছেড়ে দেয়। পরে আমি হাতিয়া প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হই। রাত তিনটার দিকে খবর পাই যে, তারা আমার দোকানে আগুন লাগিয়ে দিয়েছে।

মিলাদের পিতা মোয়াজ্জেম হোসেন বেচু জানান, বিএনপি নেতা হক সাব সহ কয়েকজন আমার ছেলেকে কয়েক ধাপে মারধর করে। তারা ছেলের মোটর সাইকেলটিও পুড়ে দেয়। রাতে আমাদের দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আগুন লাগার খবর মোবাইলে স্থানীয়রা জানালে আমি ঘর থেকে বের হতে গিয়ে দেখি বাহির থেকে দরজায় আটকানো। দরজা ভেঙে আমরা বাহির হই। এসে দেখি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানী উপজেলা এনসিপি যুগ্ম সদস্য সচিব আবদুর রহিম বলেন, রমজান উপলক্ষ্যে অনেকের কাছ থেকে আমানত সংগ্রহ করে দোকানে প্রায় দশ লাখ টাকা চালান করেছি। কিন্তু শুধু এনসিপি করার অপরাধে আমার দোকানের সব মালামাল পুড়ে দেওয়া হল। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আনিছুর রহমান বলেন, মারামারির ঘটনায় পুলিশ গিয়ে আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছি। আবার রাতে আগুন লাগার ঘটনায় জেনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো..