জনগণের কল্যাণের জন্য সরকার সবসময় সচেষ্ট থাকে, তবে সরকারের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়। দেশের সার্বিক উন্নয়নে সামাজিক সংগঠনগুলোকে মুখ্য ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
গতকাল বুধবার (১০ জুন) বাদ মাগরিব নগরীর আম্বরখানায় ‘হযরত শাহ জালাল (রহ.) খিদমাহ ফাউন্ডেশন’ এর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশের পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সামাজিক সংগঠনগুলো কাজ করে থাকে। হযরত শাহজালাল (রহ.) খিদমাহ ফাউন্ডেশন মানবসেবা ও আধ্যাত্মিক চেতনায় অনুপ্রাণিত হয়ে আর্তমানবতার সেবা, ধর্মীয় ও শিক্ষা খাতের উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং সামাজিক উন্নয়নসহ সমাজে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত অংশের সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত করতে তারা ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অতীতের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এই ফাউন্ডেশন মানবসেবামূলক কাজ করতে গিয়ে নানা রকমের বাধা-বিপত্তির মুখোমুখি হয়েছিল। আশা করছি, বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় থাকায় তারা অতীতের সেইসব প্রতিবন্ধকতা পেরিয়ে তাদের কার্যক্রম সুন্দরভাবে ও নির্ভীকচিত্তে চালিয়ে যেতে পারবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন বাংলাদেশ বিনির্মাণের দর্শন তুলে ধরে ইমদা হোসেন চৌধুরী বলেন, আমাদের জননন্দিত নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি নিরাপদ, বসবাসযোগ্য ও সুশাসন নিশ্চিতের বাংলাদেশ গড়তে চান। যেখানে আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি মানুষ তার অধিকার ফিরে পাবে। সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের কথা চিন্তা করে তিনি যে আধুনিক রাজনৈতিক দর্শন, চিন্তা-চেতনা ও দূরদর্শী জীবনবোধ নিয়ে দেশ গঠনে কাজ করে যাচ্ছেন, আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সেখানে অংশগ্রহণ করতে হবে। কেবল রাজনৈতিক দলের কর্মী হিসেবে নয়, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক, সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠিত হবে। বর্তমান বিএনপি সরকার সাধারণ মানুষের মৌলিক অধিকার ও কল্যাণের স্বার্থে সর্বাত্মক কাজ করে যাচ্ছে এবং সামাজিক সংগঠনগুলোর যেকোনো ভালো কাজে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শাহ জালাল (রহ.) খিদমাহ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা আব্দুল মালিক, মাওলানা মুহাম্মদ সানা উল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মনজুর আহমদ, মাওলানা আব্দুল হান্নান তপাদার, মাওলানা জহুরুল হক, মাওলানা হাফিজ হারুনুর রশিদ, মাওলানা মুফতি তহুরুল ইসলাম, মাওলানা ডাঃ মোস্তফা আজাদ, মাওলানা আব্দুল মন্নান আজাদ, মাওলানা হাফিজ এখলাছুর রহমান, মাওলানা ফয়জুন নূর, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা শাহিদুর রহমান, কামাল উদ্দিন, ফখরুল কবির চৌধুরী, মাওলানা রশিদ মোস্তাক, মাওলানা জহুরুল হক, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা কামরুল ইসলাম, হাফিজ সিরাজ উদ্দিন, মাওলানা আপ্তাব উদ্দিন নোমানী, মাওলানা শামছুল ইসলাম, আক্তার হুসেন আবু তাহের খাঁন প্রমুখ। সভায় বক্তারা ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রমকে আগামীতে আরও গতিশীল ও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।