https://www.a1news24.com
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৭

সরকারি অফিসের দুর্নীতি কমাতে ডিজিটালাইজেশন ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অফিসে যত কম যেতে হবে, দুর্নীতি তত কম হবে। মানুষেরও সময় নষ্ট হবে না। সেই সঙ্গে সেবার মান ভালো হবে। সে জন্য ডিজিটালাইজেশন ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীর বনানীর একটি হোটেলে ট্রাস্ট ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় গ্রাহকদের লেনদেন আরও সহজ ও ডিজিটাল করতে ‘ডায়নামিক বাংলা কিউআর’ সেবা চালু করেছে ট্রাস্ট ব্যাংক। আজ এই নতুন ডিজিটাল সেবার আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে সরকারি সেবা সহজীকরণ ও দুর্নীতি রোধে সরাসরি শারীরিক উপস্থিতিমুক্ত সেবাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। একই সঙ্গে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে টিকে থাকতে হলে অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালুর বিকল্প নেই বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন,​ বন্দর, বিমানবন্দরসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের যত বেশি স্বয়ংক্রিয়করণ করা যাবে, ততই খরচ কমবে। এসব ব্যবস্থার মধ্যে পারস্পরিক তথ্য আদান–প্রদানের (ইন্টারঅপারেবিলিটি) সক্ষমতা তৈরি করে ডিজিটাল ব্যবস্থা চালু করতে হবে। ব্যবসায়ীদের সাধারণ অভিযোগ হলো, তারা হয়রানির শিকার হন। তাদের কাজে দেরি হয়; কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় না। কিন্তু প্রতিযোগিতামূলক হতে হলে এসব সমস্যা দূর করতে হবে। ইন্টারঅপারেবিলিটির মাধ্যমে ডিজিটাল ব্যবস্থা চালু করা গেলে ব্যবসা করা আরও সহজ হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন​ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোর্শেদ, ​​বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ কবির আহাম্মদ, ​জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সুরাতুজ্জামান, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান জামান চৌধুরী প্রমুখ।

আরো..