সালেহ আহমদ (স’লিপক): সুন্নী মতাদর্শভিত্তিক ইসলামী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার যৌথ উদ্যোগে নবগঠিত ২০২৫–২০২৬ কার্যকরী পরিষদের অভিষেক এবং ১৭ রমাদ্বান ঐতিহাসিক বদর দিবস স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) শ্রীমঙ্গল উপজেলা শহরের ভানুগাছ রোডস্থ রিজিক রেস্টুরেন্ট পার্টি সেন্টারে অনুষ্ঠানের উদ্বোধন করেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের কো-চেয়ারম্যান পীরে তরিকত মাওলানা মুফতি শেখ শিব্বির আহমেদ।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি হাজী ইজ্জতুর রহমান সাজ্জাদ।
বাংলাদেশ ইসলামী যুবসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সাগরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সম্পাদক হাজী মো. কামাল হোসেন, বাংলাদেশ ইসলামী যুবসেনা মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক মোহাম্মদ মামুনুর রশীদ মামুন। প্রধান বক্তা ছিলেন মুফতি শেখ জাবির আহমদ কাদেরী আল হোসাইনী সিরাজনগরী।
এ সময় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সমাজকর্মীবৃন্দ, রাজনীতিবিদগণ, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে পীরে তরিকত মাওলানা মুফতি শেখ শিব্বির আহমেদ বলেন, হিজরি দ্বিতীয় সালের ১৭ রমাদ্বানে মদিনা মনোয়ারা থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে ঐতিহাসিক বদর প্রান্তরে সত্য ও মিথ্যার পার্থক্য নিরুপণকারী এক গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে ইসলাম ও মুসলমানদের বিজয় অর্জিত হয়, যা ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ হিসেবে পরিচিত।
প্রধান বক্তা মুফতি শেখ জাবির আহমদ কাদেরী আল হোসাইনী সিরাজনগরী তার বক্তব্যে বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সুফিবাদী জনতার রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং সূচনালগ্ন থেকেই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।