https://www.a1news24.com
১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৪

শ্রীপুরে বিকাশ ম্যানেজারকে গুলি করে তিন কোটি টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা, ২১ ঘন্টা পরও মামলা করেনি প্রতিষ্ঠান

টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিকাশ ম্যানেজার হিমেল আহমেদকে (৩৫) গুলি করে তিন কোটি টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এসময় তারা প্রাইভেটকারে থাকা ম্যানেজারের দুই সহকর্মী ও চালককে মারধর করে আহত করে। ঘটনার ২১ ঘন্টা পরও মামলা রুজু করেনি বিকাশ এজেন্ট প্রতিষ্ঠান। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুরে প্রাইভেটকার থামিয়ে লুটপাট ও গুলিবিদ্ধের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গুলিবিদ্ধ হিমেল আহমেদ (৩৫) শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার মোহাম্মদ জসিমের ছেলে। তিনি শ্রীপুর এরিয়ার হিসাব বিভাগের ম্যানেজার (ব্যবস্থাপক) হিসেবে কর্মরত আছেন। আহত দুই সহকর্মী লোন শাখার ক্রেডিট ম্যানেজার (ব্যবস্থাপক) ফাহাদ হোসেন (৩৫) শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার বুলবুল আহমেদ, শ্রীপুর-মাওনা এরয়ার সুপারভাইজার বেড়াইদেরচালা (এসকিউ সোয়েটার কারখানা সংলগ্ন) মোহাম্মদ জামানের ছেলে রিফাত (৩০) এবং প্রাইভেটকার চালক কেওয়া পশ্চিম খন্ড এলাকার মৃত ফালু মিয়ার ছেলে লাল মিয়া (৩২)। তাদের মধ্যে গুরুতর আহত গুলিবিদ্ধ হিমেল আহমেদকে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডকেল কলেজ চাসপাতালে পাঠানো হয়েছে। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ক্রেডিট ম্যানেজার (ব্যবস্থাপক) ফাহাদ হোসেন জানান, বিকেল আনুমানিক ৪টা বা সাড়ে ৪টার দিকে আমরা তিন সহকর্মী বিকাশের নরসিংদী সদরের ডিস্ট্রিবিউশন শাখা থেকে চার বস্তায় চার কোটি টাকা নিয়ে প্রাইভেটকারযোগে শ্রীপুরের মাওনার উদ্দেশ্যে রওনা দেই। প্রাইভেটকারটি শ্রীপুরের গোসিংগা পার হয়ে সন্ধ্যা সোয়া ৬টার দিকে কর্ণপুর এসে পৌছলে পেছন থেকে ১০-১২টি মোটরসাইকেল আমাদের প্রাইভেটকার ঘেরাও করে আটক করে। প্রতি মোটরসাইকেলে দুইজন করে লোক ছিল। কিছু বুঝে উঠার আগেই প্রাইভেটকারের সামনে বসে থাকা বাম পাশের গ্লাস ভেঙ্গে ফেলে এবং হিমেল আহমেদকে গুলি করে। এসময় অন্যান্যরা চালকের পাশের গ্লাস ভেঙ্গে চালককে এবং পেছনে ডান পাশে বসে থাকা আমার দরজার গ্লাস ভেঙ্গে আমাদেরকে চাইনিজ কোড়াল দিয়ে আঘাত করে। এতে আমি ও চালক আঘাত পেয়ে আহত হয়। পরে হামলাকারী দুর্বৃত্তরা প্রাইভেটকারের পেছনে রাখা চারটি টাকার বস্তার মধ্যে তিনটি বস্তা নিয়ে দুই মিনিটের মধ্যে ঘটনাস্থল থেকে শ্রীপুরের দিকে দ্রুত পালিয়ে যায়। প্রতি বস্তায় বকে কোটি করে টাকার রাখা ছিলো। পরে আমি নিজে প্রাইভেটকারটি চালিয়ে শ্রীপুর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা নেই এবং গুরুতর আহত হিসাব বিভাগের ম্যানেজার (ব্যবস্থাপক) গুলিবিদ্ধ হিমেল আহমেদ প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডকেল কলেজ চাসপাতালে পাঠানো হয়েছে।

বিকাশের মাওনা ও ময়মনসিংহের ভালুকা এরিয়ার চ্যানেল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিক জানান, নরসিংদী থেকে টাকা সংগ্রহ করে প্রাইভেটকারে শ্রীপুর ও ভালুকার উদ্দেশ্যে ফিরছিলেন তার প্রতিষ্ঠানের কর্মীরা। প্রাইভেটকারটিতে চারটি বস্তায় মোট ৪ কোটি টাকা ছিল। পথে গোসিংগা-শ্রীপুর সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের প্রাইভেটকার ঘিরে ফেলে এবং গতিরোধ করে। এরপর সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে। এক পর্যায়ে কর্মীদের পিটিয়ে ও চাইনিজ কোড়াল দিয়ে কুপিয়ে আহত করে। পরে প্রাইভেটকারের পেছনের বক্সে থাকা চার বস্তা টাকার মধ্যে তিন বস্তা টাকা নিয়ে দ্রুত চম্পট দেয়। লুট হওয়া তিনটি বস্তায় কত কোটি টাকা ছিল তাৎক্ষণিকভাবে তিনি নিশ্চিত করে বলতে পারেন নি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অনিক সরকার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৩ জনকে হাসপাতালে আনা হয়। হিমেল নামের একজনের পেটের ডান পাশে গভীর ক্ষত রয়েছে। যা গুলির আঘাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, আমি ময়মনসিংহ হাইওয়েতে টহলে ছিলাম। ওই সময় সাংবাদিকেরা আমাকে ফোন দেয় যে, একটা ছিনতাই বা গুলির ঘটনা ঘটেছে টাকা ছিনতাই করে নিয়ে গেছে। খবর পেয়ে দ্রুত শ্রীপুর হাসপাতালে এসে যার কথা বলা হয়েছে যে গায়ে গুলি লেগেছে তাকে পাইনি। আর এখানে যারা সামান্য আহত হয়েছিল তাদের পেয়েছি। তাদের অভিযোগ, তারা নরসিংদী থেকে বিকাশের টাকা নিয়ে আসতেছিল। কর্ণপুর এলাকায় তাদের মোটরসাইকেল ব্যারিকেড দিয়ে মারধর করে টাকা ছিনতাই করে নিয়ে গেছে। এখনও টাকা-পয়সার কথা ওরকম পরিমাণ পাওয়া যায়নি। আমরা জিজ্ঞাসাবাদ করতেছি এবং আমরা তথ্য-উপাত্ত সংগ্রহ করতেছি। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং জড়িতদের গ্রেফতার ও লুট হওয়া টাকা উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ।

শনিবার (১০ আক্টোবর) দুপুরে ২টায় ঘটনাস্থল শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকা পরিদর্শনে এসে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন। বেলা ১১ টা থেকে জেলা পুলিশের একাধিক টিম ঘটনা উদঘাটনে কাজ করছে। পুলিশ সুপার ঘটনাস্থলে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপস্থিত থেকে বিষয়টি তদন্ত করছে।

তিনি বলেন, গাজীপুরের শ্রীপুরে বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের কর্মীদের প্রাইভেটকার আটক করে তিন কোটি টাকা লুট এবং গুলি করে তিন কর্মীকে আহত করার ঘটনার ২১ ঘন্টা পরও মামলা রুজু করেনি বিকাশ এজেন্ট প্রতিষ্ঠান ‘‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ শ্রীপুর লিমিটেড’ কর্তৃপক্ষ। আমরা এটা নিয়ে কাজ করছি। কিছু কিছু বিষয় আমরা আপাতত এখন বলবো না, কিছু জিনিস আছে, সেটা একটু গোপন থাকুক।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, পুলিশের কাছে এ ঘটনায় কোন ব্যাক্তি হেফাজতে নাই। ভিকটিম পক্ষ আমাদের সাথে কথা বলার জন্য তারা আমাদের সাথে আছে এখনো পর্যন্ত। আমরা সম্পূর্ণ বিষয়টি তাদের কাছ থেকে জানার চেষ্টা করতেছি তাদের কাছ থেকে আসলে কিভাবে ঘটনাটি হয়েছে। এতগুলো টাকা তারা বহণ করতেছে বিষয়টি পুলিশ জানে কিনা বা পুলিশকে জানিয়েছিলো কিনা, জানানো উচিত ছিলো কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বলেন যেমন ঈদ আসলে, পূজা আসলে আমরা কিন্তু সবসময় একটা কথা বলে থাকি আ্পনি টাকার মালিক। আমরা আপনার নিরাপত্তা দিব, আপনাদের পাহাড়া দিব। টাকার পাহাড়া দিব আপনাকেও পাহাড়া দিব। এজন্য আমরা সবসময় একটি কথা বলি যেকোন পরিমান টাকা ট্রান্সপোর্ট করেন বা আপনারা যদি মনে করেন এখানে পুলিশী সহযোগীতা দরকার। আমরা এটাকে মনে করার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা চাই যারা টাকা ট্রান্সপোর্ট করবেন আপনারা পুলিশকে বলেন আমি টাকা ট্রান্সপোট করবো, আপনারা নিরাপত্তা দেন। আমরা সব ক্ষেত্রে এটা করে থাকি বা নিরাপত্তা দিয়ে থাকি। আমরা আশ্চর্য হয়েছি এ জায়গাটাতে যে এতাগুলো টাকা ট্রান্সপোট হলো পুলিশকে তারা ইনফর্ম (অবগত) করলো না। তারপরে ভিন্ন জেলা নরসিংদী থেকে টাকাগুলো নিয়ে আসলো। শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর জায়গাটি প্রত্যন্ত জায়গা এবং আইসোলেটেড বলা যায়। লোকালয় খুব বেশি নাই এবং মানুষের আনাগোনা কম। এরকম একটা বিচ্ছিন্ন জায়গা দিয়ে, নিরব জায়গা দিয়ে তারা টাকাগুলো নিয়ে আসলো এটা আমাদেরকেও আশ্চর্য করেছে। তারা কেনো পুলিশকে ইনফর্ম করে নাই এ বিষয়টা নিয়ে আমরা তাদের সাথে কথা বলছি। তবে মামলা এখনো রেকর্ড হয়নি, তবে প্রক্রিয়াধীন আছে। আপনারা জানেন এ ঘটনায় একজন ব্যাক্তি আহত অবস্থায় আছে। আমরা তার সাথে কথা বলতেছি এবং নিয়মিত যোগাযোগ রাখছি এবং তার চিকিৎসার খোঁজখবরও নিচ্ছি। যতটা জেনেছি শুরু থেকেই উনি টাকা কালেকশন, ট্রান্সপোটেশন, যেখানে গাড়ী যাবে হায়ার করা এবং যোগাযোগগুলোর সাথে উনি সম্ভবত সম্পৃক্ত ছিলেন। এজেন্ট মামুনের সাথেও আমাদের কথা হয়েছে। উনারও কিছু তদন্ত আছে এবং ধাধা আছে, যেমন এটা না হয়ে এটা হতে পারতো, এ রাস্তা না দিয়ে আসার কথা ছিল না, সদর রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল যেটা কাপাসিয়া দিয়ে ফরোয়ার্ড রাস্তা। ওইদিক দিয়ে যেতে পারতো। তিনি এটাও বলেছেন আমি জানি তো তারা সদর রাস্তা দিয়ে যাবে। কিন্তু এ পাশ দিয়ে কোনো আসলো? এরকম কিছু আছে আরকি। আমরা সবগুলো বিষয় এবং তথ্য উপাত্ত গুরুত্ব দিয়ে দেখছি। আপাতত এ ঘটনার সাথে সম্পৃক্ত কাউকে আমরা সনাক্ত করতে পারিনি। আমরা এটা নিয়ে কাজ করছি। কিছু কিছু বিষয় আমরা আপাতত এখন বলবো না, কিছু জিনিস আছে, সেটা একটু গোপন থাকুক। আমরা আপনাদের মাধ্যমে বলছি টাকা পরিবহনের যোকোন সময় যেনো পুলিশের সহযোগীতা নেয় বা পুলিশকে ইনফর্ম করে। এখনও টাকা-পয়সার সঠিক পরিমাণ পাওয়া যায়নি। আমরা জিজ্ঞাসাবাদ করতেছি এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে পুলিশ এবং জড়িতদের গ্রেফতার ও লুট হওয়া টাকা উদ্ধারে অভিযানে চলমান রয়েছে।

নাম প্রকাশ না ক রার শর্তে পুলিশের অপর একটি সূত্র জানায়, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল লোন শাখার ক্রেডিট ম্যানেজার (ব্যবস্থাপক) ফাহাদ হোসেনকে নিয়ে পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে তাকে নিয়ে যে পথ দিয়ে টাকা বরহণকারী প্রাইভেটকারটি আসছিলো সে পথে নরসিংদীও যাচ্ছে গোয়েন্দা (ডিবি) পুলিশের দলটি।

আরো..