https://www.a1news24.com
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৫

শ্রীপুরে পৌরসভার ময়লার গাড়ীর নিচে চাপা পড়ে কারখানার নিরাপত্তা প্রহরীর মৃত্যু

টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার ভিতরে পৌরসভার ময়লার গাড়ীর নিচে চাপা পড়ে নিরাপত্তা প্রহরী জসিম আহম্মেদ (৪৪) ঘটনাস্থলেই নিহত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে শ্রীপুর পৌরসভার আনসার রোড (কলিম উদ্দিন চেয়ারম্যান) মোড়ে ওই কারখানার ভিতরে দুর্ঘটনাটি ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নিরাপত্তা প্রহরী জসিম আহম্মেদ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের চাইরবাড়িয়া গ্রামের সিরাজুল হকের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখন্ড এলাকার আব্দুল মান্নানের বাড়ীতে ভাড়া থেকে নোমান শিল্প গ্রæপের নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি করতো।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, শ্রীপুর পৌরসভার ময়লার গাড়ি কারখানা থেকে ময়লা নেওয়ার জন্য কারখানায় প্রবেশ করছিল। কারখানার ভেতরে ১নং গেইটের উত্তর পাশে রাস্তার উপর দায়িত্ব পালন করছিল নিরাপত্তা প্রহরী জসিম আহম্মেদ। গাড়িটি কারখানায় প্রবেশের সময় দায়িত্বরত নিরাপত্তা প্রহরীকে ধাক্কা দিলে গাড়ীর চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ পৌরসভার ময়লার গাড়ি আটক করলেও চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোমান শিল্প গ্রæপের নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ইকবাল হোসেনকে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

আরো..