https://www.a1news24.com
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৮

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবির

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পূর্ব সরালিয়া এলাকায় নিজ বাসভবনে বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবির (৭৮) শনিবার দিবাগত রাত ১২টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (২১ জুন) বেলা ১১টায় মোরেলগঞ্জ মডেল মসজিদ চত্বরে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় এসআই মাসুম বিল্লাহর নেতৃত্বে পুলিশের আট সদস্যের একটি দল আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার একমাত্র ছেলে সরোয়ার এজাহান রনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল ফকির, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আ. হাই খান, আয়নাল হোসেন, শাহজাহানসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, বিএনপি নেতা সোমনাথ দে, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কফিনে পুষ্পমাল্য অর্পণ করে তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবির ছিলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের সুন্দরবন সাব-সেক্টরের কমান্ডার, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা মরহুম স. ম. কবীর আহম্মেদ মধুর সহধর্মিণী ও যুদ্ধকালীন সহযোদ্ধা। দীর্ঘদিন ধরে তিনি মুক্তিযুদ্ধের চেতনা, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।

তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধা পরিবার, স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী একজন দেশপ্রেমিক, সংগ্রামী ও নিবেদিতপ্রাণ মানুষকে হারানোর বেদনা অনুভব করছেন।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বহনকারী এই বীর নারী আজ চিরবিদায় নিলেও তাঁর অবদান, ত্যাগ ও দেশপ্রেম আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আরো..