খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্বাস্থ্য ও নেতৃত্বগুণ অর্জনে সহায়তা করে: কয়েস লোদী
শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে খেলাধুলা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)’র চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “খেলাধুলা তরুণ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি শৃঙ্খলা ও নেতৃত্বগুণ অর্জনে বিশেষ সহায়তা করে। রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ দীর্ঘদিন ধরে সিলেটের শিক্ষা ও ক্রীড়াঙ্গনে অনন্য অবদান রেখে আসছে।”
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে স্কুল মিলনায়তনে আয়োজিত প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. ফরিদ আহমদের সভাপতিত্বে ও প্রভাষক সুলেমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আব্দুল মুমিত।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক হাছিনা মমতাজ, ক্রীড়া শিক্ষক মু. মানিক খান, শিক্ষক বন্যা চক্রবর্তী, লুৎফুর নেছা, গাউছিয়া চৌধুরী, আব্দুল খালিক, মুকসুদল আম্বিয়া, আব্দুল বারী ও অনন্য দেবসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।-বিজ্ঞপ্তি