রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজ ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেল ৫টায় উপজেলা মসজিদ মার্কেট চত্বরে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি ছিলেন আব্দুল মালেক কলেজের গভর্নিং বডির সভাপতি ফারহানা ইয়াসমিন।
প্রধান অতিথির বক্তব্যে মো. রফিকুল ইসলাম জামাল বলেন,সমাজ গঠনে মাদকের ভয়াল নেশা থেকে মুক্ত করতে হবে,মাদক আমাদের সমাজে বিস্তার করে ফেলেছে যা প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা জানতে হবে। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে স্থানীয় সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় রাজাপুরের বিভিন্ন স্থানীয় সমস্যা, জনগণের প্রত্যাশা, উন্নয়ন ও সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।