https://www.a1news24.com
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৭

যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে আরও বড় ‘সারপ্রাইজ’ অপেক্ষা করছে: আরাঘচি

মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরান। ইরান আবারও যদি হামলার মুখে পড়ে, তবে মার্কিন সামরিক বাহিনীকে এবার আরও বড় ধরনের ‘সারপ্রাইজ’ বা চমক দেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পাশাপাশি, তিনি জানান, দুই দেশের মধ্যে পুনরায় সংঘাত শুরু হলে তেহরান আরও বেশি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে পুরোপুরি প্রস্তুত।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আরাগচি মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার প্রসঙ্গ তুলে বলেন, “আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রশংসিত এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার গৌরব অর্জন করেছে, যা এখন প্রমাণিত।”

তিনি আরও বলেন, “বিগত যুদ্ধ থেকে যে শিক্ষা ও অভিজ্ঞতা আমরা অর্জন করেছি, তার আলোকে আবারও যুদ্ধ শুরু হলে এবার যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা করছে আরও বড় সারপ্রাইজ।”

নিজের দাবিকে সমর্থন করতে আরাগচি মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা ‘কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস’-এর সাম্প্রতিক প্রতিবেদনের তথ্যও তুলে ধরেন। তিনি বলেন, খোদ মার্কিন কংগ্রেস স্বীকার করেছে যে, যুদ্ধে তাদের শত কোটি ডলারের ডজন ডজন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

গত সপ্তাহে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারির শেষভাগে ইরানের বিরুদ্ধে ইসরাইলের সঙ্গে যৌথভাবে মার্কিন যুদ্ধ কার্যক্রম শুরু হয়। যুদ্ধ শুরুর পর থেকে ড্রোনসহ অন্তত ৪২টি স্থির ডানাবিশিষ্ট ও হেলিকপ্টার জাতীয় যুদ্ধবিমান সম্পূর্ণভাবে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরাগচির এই বিস্ফোরক মন্তব্য এমন এক সময়ে আসে, যখন ঠিক এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধ বন্ধে মাত্র ‘দুই থেকে তিন দিন’ সময় বেঁধে দেন। তবে এর মধ্যেই কিছুটা আশার আলো দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, আলটিমেটাম ও উত্তেজনার মাঝেও আলোচনার টেবিলে দুই পক্ষই ‘অনেক অগ্রগতি’ অর্জন করেছে।

আরো..