https://www.a1news24.com
১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪১

যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জামিল আহমেদ লিমন (২৭) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। একই দিন নিখোঁজ হওয়া আরেক শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির খোঁজ এখনো মেলেনি।

ঘটনায় হিশাম আবুঘরবেহ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি জামিলের রুমমেট ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের পর ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে হিলসবরো কাউন্টি শেরিফের (পুলিশ) কার্যালয়।

নিখোঁজ অপর শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন। বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৬ এপ্রিল সকালে জামিলকে শেষবার দেখা যায় তার আবাসনের কাছে এবং বৃষ্টিকে দেখা যায় ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে।

পরদিন ১৭ এপ্রিল তাদের সঙ্গে যোগাযোগ না করতে পেরে এক পারিবারিক বন্ধু বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এরপর দুটি নিখোঁজ ডায়েরি করা হলে তদন্ত শুরু করে পুলিশ।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে জামিলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ তথ্য পাওয়া গেছে এবং নাহিদার সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিখোঁজ নাহিদা এস বৃষ্টিকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

আরো..